প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪ ১৩:১৪ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪ ১৩:২২ পিএম
ধ্বংসস্তূপ থেকে আলামত সংগ্রহে চলছে অনুসন্ধান। প্রবা ফটো
সচিবালয়ের পুড়ে যাওয়া ৭ নম্বর ভবনে ছয়টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে ক্ষতিগ্রস্ত এবং পুড়ে ধ্বংসস্তূপ থেকে আলামত সংগ্রহের জন্য ভেতরে প্রবেশ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইম সিন ইউনিট।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টায় ক্রাইম সিন ইউনিটকে সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। তারা পুড়ে যাওয়া কক্ষ এবং বাইরে বিভিন্ন আলামত সংগ্রহ শুরু করেছে। নিরাপত্তার স্বার্থে ভেতরে অনুমোদিত ব্যক্তি ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ভবন এবং ঘটনাস্থল পরিদর্শনে সকালে সচিবালয়ের ভেতর প্রবেশ করেছেন ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী।
এ ছাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও মহাপরিচালকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করছে। নিরাপত্তার স্বার্থে পুলিশের পাশাপাশি আজ সচিবালয়ের মূল ফটকে অবস্থান নিয়েছেন সেনা সদস্যরাও। তদন্ত সংস্থা ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না তারা।
এদিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে মন্ত্রিপরিষদ বিভাগের গতকালের তদন্ত কমিটি বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে আট সদস্যের একটি নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১০ কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।