× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহ আমানতে স্বর্ণের বার উদ্ধার, উড়োজাহাজ জব্দ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪ ১৯:২৫ পিএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪ ২০:১৫ পিএম

শাহ আমানতে স্বর্ণের বার উদ্ধার, উড়োজাহাজ জব্দ

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে বিমানটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর তাতে তল্লাশি চালিয়ে ৯জে সিটের নিচ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই উড়োজাহাজটি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এছাড়া ৯জে সিটের যাত্রী আতিয়া সামিয়াকে আটক করা হয়েছে।

আটক আতিয়া সামিয়া রাজশাহী জেলার বোয়ালিয়া থানাধীন এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ ইয়াসিন।

স্বর্ণের বারগুলোর ওজন ২ কেজি ৩০০ গ্রাম, যায় বাজার মূল্য ২ কোটি ৬০ লাখ টাকা।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গোপন সংবাদ থাকায় বিমানটি অবতরণ করার পর এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম, বিমানবন্দর নিরাপত্তা শাখা এবং কাস্টমস গোয়েন্দা যৌথ উদ্যোগে তল্লাশি চালায়। এ সময় বিমানের ৯জে সিটের নিচে প্লাস্টিক টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ছিল। পরে প্লাস্টিক টেপ খুলে তাতে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আগত বাংলাদেশ বিমানের ফ্লাইট নম্বর বিজি-১৪৮ তে রামেজিং (তল্লাশি) কার্যক্রম সম্পন্ন করা হয়। তল্লাশির এক পর্যায়ে ৯জে সিটের নিচ থেকে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো দুইটি প্যাকেট পাওয়া যায়। উদ্ধারকৃত দুটি প্যাকেট কাস্টমস কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে তাতে ২০টি স্বর্ণবার পাওয়া যায়। চোরাচালানের মাধ্যমে আনা এসব স্বর্ণবারসমূহ স্বর্ণকার দ্বারা পরীক্ষা করলে তাতে ২৪ ক্যারেট মানের ২.৩২ কেজি (প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম) স্বর্ণ পাওয়া যায়।

এ সম্পর্কে জানতে চাইলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মিনহাজ উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কাস্টমস আইনে আছে কোনো যানবাহন চোরাচালানের পণ্য পরিবহনে নিয়োজিত হলে সেটি জব্দ করা যাবে। ওই আইনের আলোকে আমরা উড়োজাহাজটি জব্দ করেছি। এই জব্দ মানে উড়োজাহাজটি আর চলাচল করতে পারবে না এমন না। এটি কাগজে কলমে জব্দ থাকবে। তদন্তের স্বার্থে আমর জব্দ করেছি। আমরা বিমান কর্তৃপক্ষের কাছে জানতে চাইব এই বিমানে কে পাইলট ছিলেন, ক্রুসহ সাপোর্ট স্টাফ কতজন ছিলেন। এর সঙ্গে তাদের কেউ জড়িত আছে কিনা। আমরা এগুলো খতিয়ে দেখতেই বিমানটি জব্দ করেছি। কারণ সিটের নিচে যেভাবে স্বর্ণের বারগুলো রাখা হয়েছে, সেটি অন্যের সহযোগিতা ছাড়া একজনের পক্ষে রাখা সম্ভব না।’

তিনি আরও বলেন, ‘ঘটনায় ওই সিটের যাত্রী আতিয়া সামিয়াকে আটক করা হয়েছে। পরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করলে তিনি অনলাইন স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত মর্মে মৌখিকভাবে স্বীকার করেন এবং তার ভিজিটিং কার্ডেও একই ধরনের তথ্য পেয়েছি। তাকে পতেঙ্গা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা