প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪ ১৯:১০ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪ ১৯:১২ পিএম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেশে থাকার কথা সরকার জানতো না বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুর।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়লেন পুলিশের কাছে এর ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়টি সরকার জানত না। জানলে তাকে গ্রেপ্তার করা হত।’
তিনি আরও বলেন, ‘পুলিশের মনোবল আগে থেকে বেড়েছে। তবে সময় লাগবে পুরোদমে কাজ শুরু করতে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের যারা পালিয়ে আছেন তারা আমাদের কাছে অপরাধী। তাদের পাওয়া গেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ইন্টারপোলকে আবারো সহায়তার কথা জানানো হয়েছে।’