× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৯৭ কোটি টাকায় ৪০০ গাড়ি কেনা হচ্ছে পুলিশের জন্য

ফসিহ উদ্দীন মাহতাব ও সাইফ বাবলু

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪ ১২:৫৬ পিএম

১৯৭ কোটি টাকায় ৪০০ গাড়ি কেনা হচ্ছে পুলিশের জন্য

আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে গত ৫ মাসে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে ও সহিংসতা দমনে আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে, পুলিশের নিষ্ক্রিয়তায় দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটছে। হত্যাকাণ্ড থেকে শুরু করে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেলেও পুলিশকে সক্রিয় হয়ে টহল, তল্লাশি বা অভিযান পরিচালনা করতে দেখা যাচ্ছে না। তবে পুলিশের দাবি, লজিস্টিক সাপোর্টের অভাবে পুলিশ সক্রিয় হতে পারছে না। এমন অবস্থায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তল্লাশি ও টহল কার্যক্রম জোরদারের মধ্য দিয়ে পুলিশের কাজে গতি ফেরাতে সরকার ৪০০ গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদার ভিত্তিতে ইতোমধ্যে পুলিশের গাড়ির জন্য ১৯৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্রমতে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গাড়ি রয়েছে ১ হাজার ৪১২টি। এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যা ৯৫২টি। এ ছাড়াও রয়েছে ২৬০টি পিকআপ ভ্যান, ৯২টি জিপ, ২১টি প্যাট্রোল জিপ, ২৬টি মাইক্রোবাস, ১৬টি বাস, ৮টি রায়ট কার, ৫টি অ্যাম্বুলেন্স ও ১৫টি প্রিজন ভ্যান। তবে যানবাহনগুলোর শতকরা ৬০ ভাগই ব্যবহারের অনুপযোগী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জুলাই আন্দোলনে পুলিশের অনেক অবকাঠামো (থানা) এবং যানবাহনের ক্ষতি হয়েছে। এ অবস্থায় পুলিশ প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার অভাবে স্বাভাবিক কার্যক্রমও চালাতে পারছে না। যানবাহনের অভাবে সময়মতো টহল ও তল্লাশি কার্যক্রমে যেতে পারে না। এ অবস্থায় পুলিশের গাড়ির জন্য ৮৭ কোটি টাকার চাহিদাপত্র দেওয়া হয়েছিল। তবে সার্বিক বিবেচনায় অর্থ বাড়িয়ে বরাদ্দ করানো হয়েছে ১৯৭ কোটি টাকা। ইতোমধ্যে পুলিশের কাছে অনুমোদিত অর্থ হস্তান্তর করা হয়েছে। তারা তাদের পছন্দ অনুযায়ী, সুবিধাজনক সময়ে গাড়িগুলো কিনতে পারবে। পুলিশ হেডকোয়ার্টার বলছে, গাড়ির জন্য বরাদ্দকৃত অর্থ পাওয়া গেছে। এ ব্যাপারে দরপত্র কার্যক্রম চলমান রয়েছে।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-গণঅভ্যুত্থানের সময় সরকারের নির্দেশনায় পুলিশ ব্যাপক মারমুখী হয়ে ওঠে। আন্দোলনে হত্যার ঘটনায় ক্ষুব্ধ ছাত্র-জনতা দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটে ৫ আগস্ট সরকার পতনের দিন। এদিন রাজধানীসহ দেশের বিভিন্ন থানা ও পুলিশ স্থাপনায় আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। পাশাপাশি থানা পুলিশের গাড়ি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেন, ‘পুলিশের কাজে মন নেই। ভুক্তভোগীদের অভিযোগ আমলে নেওয়া হচ্ছে না। এ ধরনের অভিযোগ বিভিন্ন মহল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায়ই আসছে। তবে সম্প্রতি পরিস্থিতির খানিকটা অগ্রগতি হয়েছে। এখন ঘটনার পরপরই তারা অকুস্থলে পৌঁছে যাচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে, গাড়ির অভাবে তারা টহল দিতে পারছে না। পর্যাপ্ত গাড়ি বা পরিবহনের ব্যবস্থা করা গেলে পরিস্থিতির আরও উন্নতি ঘটবে। পুলিশের লজিস্টিক সাপোর্টের পাশাপাশি তাদের সংস্কার কার্যক্রমও চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় তাদের জন্য ৪০০ গাড়ি কেনা হচ্ছে। এর মধ্যে রয়েছে- ৫টি ২৭০০ সিসি ও ১৫টি ১৫০০ সিসির গাড়ি, ২০টি জিপ, ১০০টি সিঙ্গেল কেবিন ভ্যান ও ২০০টি ডাবল কেবিন ভ্যান। বাকিগুলো পুলিশের প্রয়োজন অনুযায়ী কেনা হবে। এজন্য অর্থ মন্ত্রণালয় ১৯৭ কোটি টাকা অনুমোদন দিয়েছে। মূলত পুড়ে যাওয়া গাড়ির বিপরীতে এগুলো কেনা হচ্ছে। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সরকার ৪০০ গাড়ি কেনার ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দিয়েছে পুলিশ হেডকোয়ার্টারকে। মন্ত্রণালয় শুধু অর্থছাড়ে সহায়তা করেছে। তবে প্রগতির মাধ্যমে গাড়ি কিনলে সরকারের টাকা সরকারের মধ্যেই থাকে। এর বাইরে চিন্তা করলে নানা ধরনের ঝামেলা তৈরি হয় বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান। 

৪০০ নতুন গাড়ি কেনার বিষয়ে জানতে চাইলে পুলিশ হেডকোয়ার্টারের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের এআইজি এনামুল হক সাগর বলেন, ‘গাড়ি কেনার বিষয়টি প্রক্রিয়াধীন। এখনও টেন্ডার আহ্বান করা হয়নি। টেন্ডার আহ্বান করা হলে সরকারি বিধি অনুযায়ী ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’

পুলিশের ক্ষয়ক্ষতি

গত জুলাই-আগস্টের আন্দোলনে সারা দেশে পুলিশের ক্ষয়ক্ষতির একটি বিবরণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর। ওই প্রতিবেদনে সদর দপ্তর জানায়, সারা দেশে আন্দোলন চলাকালে পুলিশের ৪৬০টি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এতে প্রাথমিকভাবে ক্ষতি ধরা হয়েছে, ২১৩ কোটি টাকার বেশি। পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখার তথ্য বলছে, সহিংসতায় পুলিশের ৪৪ সদস্য নিহত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পুলিশের ক্ষতিগ্রস্ত স্থাপনার তালিকা-সংবলিত চিঠি সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হয়েছে। এর আগে পুলিশ সদর দপ্তর থেকে ক্ষতিগ্রস্ত যানবাহনের তালিকা পাঠানো হয়। তাতে ১ হাজার ৭৪টি যানবাহনের ক্ষতি হয় বলে উল্লেখ করা হয়েছে। নতুন যান কেনার জন্য পুলিশ সদর দপ্তরের আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ে ৪৩১টি যান কিনতে ২৭৪ কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দের অনুমোদন চাওয়া হয়। 

পুলিশ সদর দপ্তরের পাঠানো তালিকা অনুযায়ী, ব্যবহারের অনুপযোগী হয়ে পড়া ১৫টি থানার কার্যক্রম চলছে অন্যখানে। এর মধ্যে রাজধানীর যাত্রাবাড়ী থানার কার্যক্রম চলছে ডেমরা থানায়। এছাড়া উত্তরা পূর্ব থানার কার্যক্রম পাশের কমিউনিটি সেন্টারে, নোয়াখালীর চাটখিল থানার কার্যক্রম ৮ কিলোমিটার দূরে পলিটেকনিক ইনস্টিটিউট ভবনে, চট্টগ্রামের লোহাগাড়া থানার কার্যক্রম কমিউনিটি সেন্টারে, পতেঙ্গা থানার কার্যক্রম প্রস্তাবিত বঙ্গবন্ধু টানেল পশ্চিম থানা ভবনে, ইপিজেড থানার কার্যক্রম ইপিজেড ফাঁড়ি ভবনে, রংপুরের তাজহাট থানার কার্যক্রম পাশের বিদ্যালয় ভবনে, হবিগঞ্জের বানিয়াচং থানার কার্যক্রম উপজেলা পরিষদ ভবনে, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার কার্যক্রম সিদ্ধিরগঞ্জ লাইব্রেরিতে, কিশোরগঞ্জের ভৈরব থানার কার্যক্রম স্টেডিয়ামের কয়েকটি কক্ষে, শেরপুর সদর থানার কার্যক্রম পুলিশ অফিস ভবনে ও বগুড়া সদর থানার কার্যক্রম থানার ভেতরের কোয়ার্টারে চালু রাখা হয়েছে। সিরাজগঞ্জের এনায়েতপুর, গাজীপুরের জয়দেবপুর ও বাসন থানার কার্যক্রম চলছে নতুন ভাড়াবাড়িতে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা