× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৮ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪ ২১:৫৪ পিএম

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের কাছে পেশ করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) কমিটির প্রধান জাকির আহমেদ খানসহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন পেশ করেন।

জানা যায়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছরে জনপ্রশাসনে বঞ্চিত দাবি করে যেসব কর্মকর্তা আবেদন করেছিলেন, তাদের মধ্য থেকে ৭৬৪ জনকে পদোন্নতি দেওয়ার সুপারিশ করেছে এ-সংক্রান্ত কমিটি। উপসচিব থেকে সচিব পর্যন্ত বিভিন্ন স্তরে এসব কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ করা হয়েছে। অবসরপ্রাপ্ত ও মারা যাওয়ায় সরকারি কর্মকর্তাদের ‘ভূতাপেক্ষ’ পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। পূর্বের বা অতীতের কোনো তারিখ থেকে কোনো বিষয় কার্যকর করা হলে তাকে ‘ভূতাপেক্ষ’ বলা হয়ে থাকে।

অন্যদিকে, নির্ধারিত সময়ে মারা যাওয়া কর্মকর্তাদের পক্ষে তাদের পরিবারের সদস্যদের করা ১৯টি আবেদনসহ মোট ১ হাজার ৫৪০টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ১৩টি আবেদন নানা কারণে কমিটির আওতার বাইরে ছিল। ফলে কমিটি বাকি ১ হাজার ৫২৭টি আবেদন যাচাই-বাছাই করে সুপারিশ তৈরি করেছে।

আবেদনগুলো যাচাই-বাছাইয়ের জন্য কমিটি মোট ২৮টি সভা করে পুঙ্খানুপুঙ্খ বিচার-বিশ্লেষণের মাধ্যমে সুপারিশ প্রণয়ন করেছে, যা প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। কমিটি যাদের পদোন্নতির জন্য সুপারিশ করেছে, তাদের মধ্যে সচিব পদে ১১৯ জন, গ্রেড-১ (সচিবের সমান বেতন গ্রেড) পদে ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্ম সচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে ৪ জন কর্মকর্তা। যেহেতু তারা অবসরে গেছেন, সে জন্য তাদের ‘ভূতাপেক্ষভাবে’ পদোন্নতি দেওয়া যেতে পারে বলে সুপারিশ করেছে কমিটি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পদোন্নতির জন্য সুপারিশ করা ৭৬৪ জন কর্মকর্তার মধ্যে কমিটি ৯ জনকে ৪ ধাপ, ৩৪ জনকে ৩ ধাপ, ১২৬ জনকে ২ ধাপ এবং ৫৯৫ জনকে ১ ধাপ পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। অন্যদিকে আবেদন করা ৭৬৩ জন কর্মকর্তাকে কমিটি পদোন্নতির সুপারিশ করেনি।

তাদের কেন পদোন্নতির সুপারিশ করা হয়নি, প্রতিটি ক্ষেত্রে তার সুনির্দিষ্ট কারণও উল্লেখ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে এ বিষয়ে সরকার কী পদক্ষেপ নিচ্ছে, সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনের ‘বঞ্চিত’ কর্মকর্তাদের পদোন্নতি দিচ্ছে সরকার। গত ১৮ আগস্ট একসঙ্গে ২০১ জনকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিল। তারও আগে ১৩ আগস্ট উপসচিব পদে পদোন্নতি পান ‘বঞ্চিত’ ১১৭ কর্মকর্তা। যুগ্ম সচিব ও উপসচিবের পাশাপাশি গত ২৫ আগস্ট অতিরিক্ত সচিব পদে ১৩১ জনকে পদোন্নতি দেওয়া হয়।

গত ১৬ সেপ্টেম্বর সাবেক অর্থসচিব ও বিশ্বব্যাংকে বাংলাদেশে সাবেক বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়। আওয়ামী লীগ আমলে ২০০৯ সাল থেকে গত ৪ আগস্ট পর্যন্ত সময়ে সরকারি চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং এই সময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য এই কমিটি গঠন করা হয়েছিল। কমিটিকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তার আগেই প্রতিবেদন জমা দিয়েছে কমিটি।

নির্ধারিত ৯০ দিনের আগেই প্রতিবেদন জমা দেওয়ায় প্রধান উপদেষ্টা কমিটির সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রতিবেদন পেশ করার সময় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে প্রতিবেদন অনুযায়ী প্রজ্ঞাপন জারির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে অবস্থান নেয় বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। সংগঠনটির শতাধিক কর্মকর্তা-কর্মচারী সকাল সাড়ে ৯টা থেকে সেখানে অবস্থান নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা