প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৪ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৩ শতাংশ শিক্ষকই মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
রবিবার (৮ ডিসেম্বর) খুলনা বিভাগীয় কমিশনারের
কার্যালয়ে খুলনা বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
উপদেষ্টা
বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের
ক্ষেত্রে আগের মতো কোটা না রাখার বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদে
অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। সাধারণভাবে অন্য চাকরিতে যেমন ৭ শতাংশ কোটা
রয়েছে, এখানেও তেমনটি থাকবে। তবে শিক্ষার্থীদের বিজ্ঞান ও
গণিতে দক্ষ করে তুলতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মোট নিয়োগের ২০ শতাংশ গণিত ও
বিজ্ঞানের বিষয়গুলো থেকে পাস করাদের অগ্রাধিকার দেওয়া হবে।
বিধান
রঞ্জন রায় বলেন, শিক্ষকদের
আর্থিক ও সামাজিক মর্যাদার উন্নতি ঘটানো এখন সময়ের দাবি। প্রাথমিক শিক্ষার লক্ষ্যই
হলো শিশুদের অক্ষরজ্ঞানসম্পন্ন করে গড়ে তোলা। একইসঙ্গে তাকে ভাষাজ্ঞানে ও গণিতে
দক্ষ করা। পড়তে পারা মানুষের সামনে বিশ্বের জ্ঞানরাজ্যের দ্বার খুলে যায়। যার
সূচনা প্রাথমিক বিদ্যালয় থেকেই হয়।
উপদেষ্টা
আরও বলেন, যেসব বিদ্যালয়ে খুব কম সংখ্যক শিক্ষার্থী
আছে, সেগুলোকে পার্শ্ববর্তী স্কুলের সঙ্গে একীভূত করার
চিন্তা রয়েছে।
খুলনা
বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য
দেন অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরী।