প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ২১:৪৪ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪ ২১:৫১ পিএম
ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মোহাম্মদ ও কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মো. আশরাফুল রহমানকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে।
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও পশ্চিমবঙ্গের কলকাতার উপহাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে তাদেরকে ঢাকায় ফেরত আনা হয়।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বুধবার (৪ ডিসেম্বর) এক সংক্ষিপ্ত নোটিশে তাদের অনির্দিষ্টকালের জন্য ঢাকায় ফেরার নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সোমবার ভারতের হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায়। তারা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে এবং মিশন প্রাঙ্গণে ভাঙচুর করে। এ হামলার এক দিন পর নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানকার কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।