জ্বালানির মূল্যবৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২২ ২১:১৪ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২২ ১১:৩০ এএম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করে প্রগতিশীল ছাত্রজোট
জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি ও লুটপাটের প্রতিবাদে রাজধানীর শাহবাগে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় শাহবাগ মোড়ের ডিজিটাল স্ক্রিন চত্বরের দক্ষিণ দিকে সমাবেশ করার সময় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার বিকাল পৌনে ৬টার দিকে ‘প্রগতিশীল ছাত্র সংগঠন’গুলোর ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে বাম সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শাহবাগ ও কাঁটাবন মোড় ঘুরে ফের শাহবাগে ফিরে মোড়ের মূল সড়ক সংলগ্ন ফুটপাতে সমাবেশে মিলিত হয়।
সমাবেশের শেষ পর্যায়ে সন্ধ্যা পৌনে ৭টার দিকে রমনা জোনের এডিসি হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশ বাম সংগঠনের নেতাকর্মীদের ওপর আকস্মিকভাবে লাঠিচার্জ শুরু করে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে বাম সংগঠনগুলো।
ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, আমরা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও এ খাতে লুটপাটকারীদের বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করি। ওই সময় পুলিশ জাদুঘরের সামনে অবস্থা নেওয়া বিক্ষুব্ধ ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জ করে। তাদের সরিয়ে আমাদের কর্মসূচিতে হামলা করে পুলিশ।
তিনি আরও বলেন, পুলিশের লাঠিচার্জে বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের দপ্তর সম্পাদক আব্দুল মমিন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহসভাপতি দীপা মল্লিক, বিপ্লবী ছাত্র মৈত্রীর সহসাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেলসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
হামলা করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। এ হামলার প্রতিবাদে সোমবার বেলা ১২টায় মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিল-পরবর্তী সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদারের মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
প্রবা/রাইেএসআর