প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ২৩:০০ পিএম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান।
সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা’য় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি প্রবেশ করে।
সাক্ষাতের সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
সাক্ষাতের পর অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘রাষ্ট্রদূত ম্যাডামের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেছেন, উনার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন। ম্যাডাম কবে চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন সে বিষয়ে কথা বলেছেন।’
তিনি আরও বলেন, ‘রাষ্ট্রদূত ম্যাডামকে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের জন্য আমন্ত্রণও জানিয়েছেন।’
ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পরে গত ৫ সেপ্টেম্বর বৃটিশ হাইকমিশনার সারাহ কুক বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে ‘ফিরোজা’য় এসেছিলেন।
এর আগে ২০১৫ সাল ১৩ সেপ্টেম্বর সবশেষ ঢাকাস্থ রাজকীয় সৌদি আরব রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরি গুলশান চেয়ারপারসন অফিসে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।