প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ১৩:০২ পিএম
শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান। ছবি: সংগৃহীত
আগামী মার্চের আগে শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিলে দেশটির বাজারে তৈরি পোশাকসহ বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়বে।
সোমবার (২৫ নভেম্বর) মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ট্রেড ইউনিয়ন করতে না দেওয়া ও অনৈতিক শ্রম চর্চা বাংলাদেশে বড় সমস্যা জানিয়ে শ্রম সচিব বলেন, এই মুহূর্তে কোনও শ্রমিক অসন্তোষ নেই। আগামী মার্চের আগে শ্রম আইন সংশোধন করা হবে। সেখানে যুক্তরাষ্ট্রের দেওয়া পরামর্শের প্রতিফলন থাকবে।
এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করাসহ শ্রম অসন্তোষ নিরসনে শ্রমিক, মালিক ও সরকারের সম্মিলিত উদ্যোগে দেওয়া ১৮ দফার প্রশংসা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সেইসঙ্গে মার্কিন দাবি মেনে নিলে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকসহ বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়বে।
এ সময় বন্ধ হতে যাওয়া বাংলাদেশের পোশাক কারখানাগুলো প্রয়োজনে বিদেশি ব্র্যান্ড-বায়ারদের পরিচালনার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম সচিব।
এছাড়া বেক্সিমকো গ্রুপের শ্রম অসন্তোষ নিরসনে বকেয়া বেতন পরিশোধে শ্রম ও কর্মসংস্থান এবং অর্থ মন্ত্রণালয়ের দেওয়া ঋণের টাকা আজকেই তারা পেয়ে যাবেন বলেও জানান এ এইচ এম সফিকুজ্জামান।