× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে : টাইম ম্যাগাজিনকে ড. ইউনূস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪ ০০:৫১ এএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৪ ১০:৫৪ এএম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ফটো

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ফটো

সরকারে থাকাকালে আওয়ামী লীগ যেসব হত্যাকাণ্ড এবং ক্ষমতার অপব্যবহার করেছে, সেগুলোর বিচার শেষে দলটিকে নির্বাচন করতে দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনকে এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে যখন (দলটির) যারা হত্যা ও ক্ষমতার অপব্যবহারে জড়িত, তাদের বিচার সম্পন্ন হবে। অন্যরা নির্বাচনে অংশ নিতে যতটা স্বাধীন তারাও ততটাই। আমরা তাদের বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গনে লড়াই করব।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে বসে কথা বলার বিষয়ে তিনি বলেন, ‘তাকে ভারত শুধু আশ্রয়ই দেয়নি। সবচেয়ে খারাপ বিষয়টি হলো তিনি সেখান থেকে কথা বলছেন, যা আমাদের জন্য অনেক সমস্যার সৃষ্টি করছে। তার ওই কণ্ঠ শুনলেই মানুষ অখুশি হয়। অর্থাৎ এই বিষয়টি আমাদের বন্ধ করতে হবে।’

ড. ইউনূস জানান, শেখ হাসিনার পতনের পর তাকে দায়িত্ব নিতে বলা হলে প্রথমে তিনি দায়িত্ব নিতে চাননি। পরে গণঅভ্যুত্থানে নিহত মানুষ ও তাদের পরিবারের কথা চিন্তা করে শপথ নেন। 

ড. ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের বিষয়টিও উঠে এসেছে টাইম ম্যাগাজিনের এই সাক্ষাৎকার প্রতিবেদনে। এতে বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রফেসর ইউনূসের ভালো সম্পর্ক রয়েছে। এ কারণে শেখ হাসিনার পতনের পরও বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পেরেছে। কিন্তু ট্রাম্প আবারও ক্ষমতায় আসার বিষয়টি গভীর চিন্তার উদ্রেক করেছে। এর মধ্যে গত ৩১ অক্টোবর ট্রাম্প বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে একটি পোস্ট দিয়েছেন। বোঝা যাচ্ছে, আওয়ামী লীগ এবং ভারতীয় আমেরিকানরা ট্রাম্পকে দিয়ে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে চাইছে। যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ। এর মধ্যে ড. ইউনূসের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত দ্বন্দ্ব আছে। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটন ট্রাম্পের কাছে হেরে যাওয়ার প্রতিক্রিয়ায় ড. ইউনূস বলেছিলেন তিনি কথাও বলতে পারছেন না।

তবে টাইম ম্যাগাজিনকে ড. ইউনূস জানিয়েছেন, তার বিশ্বাস ট্রাম্পের সঙ্গে কাজ করার ক্ষেত্রে তিনি সহাবস্থান তৈরি করতে পারবেন। তিনি বলেন, ‘ট্রাম্প হলেন একজন ব্যবসায়ী। আমরাও একটি ব্যবসায় আছি। আমরা তাদের বলছি না আমাদের অনুদান দিয়ে সহায়তা করে সমস্যা থেকে উত্তরণ করুন। আমরা আসলে ব্যবসায়িক পার্টনার চাই।’ তিনি জানান, আওয়ামী সরকারের আমলে যেসব অর্থ পাচার হয়েছে, সেগুলো তারা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এক্ষেত্রে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। 

এ ছাড়া নির্বাচনের আগে সংস্কারের বিষয়টি অন্য যেকোনো কিছুর চেয়ে যে গুরুত্বপূর্ণ সেটি পুনর্ব্যক্ত করেন ড. ইউনূস। তবে এই সংস্কারের জন্য মানুষের জীবনমান উন্নয়নের দরকার। যদি জীবনমান উন্নয়ন না হয় তাহলে মানুষ ধৈর্যহারা হয়ে যেতে পারে, এমনকি বলতে পারে আওয়ামী লীগের সময়েই তারা ভালো ছিল। বিষয়টি তার বেশ ভালো করেই জানা। এ কারণে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন তিনি। প্রফেসর ইউনূস বলেন, ‘এই পুরো অভ্যুত্থানের মূল হলো সংস্কার। এ কারণেই আমরা এটিকে বলছি বাংলাদেশ ২.০।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা