জানালেন শিক্ষা উপদেষ্টা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪ ১০:১৪ এএম
শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: সংগৃহীত
রাজধানীর সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার সিদ্ধান্ত অপরিণামদর্শী ছিল বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এই অন্তর্ভুক্তির ফলে এসব কলেজের শিক্ষার্থীদের নানা হয়রানির শিকার হতে হয়েছে, পরীক্ষাসংক্রান্ত জটিলতা এবং বিভিন্ন বাধার মুখে পড়তে হয়েছে। শিক্ষার মানে ব্যাঘাত ঘটেছে। এসব সংকট থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে সাত কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে।’
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমি দায়িত্বগ্রহণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে কলেজগুলোকে বের করে কী করে এগুলোকে আলাদা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়, কী করে এগুলোকে আলাদা স্বাধীন সত্তা হিসেবে সংগঠিত করা যায়Ñ সে সম্পর্কে প্রতিবেদন দাঁড় করাতে একটি কমিটি করেছিলাম। সে কমিটির প্রাথমিক প্রতিবেদন প্রণয়নের কাজ প্রায় শেষের পথে। আমরা শিগগির একটি বিশেষজ্ঞ কমিটি করতে যাচ্ছি। এই কলেজগুলো একসঙ্গে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেলে, কলেজগুলোকে কীভাবে আরও উৎসাহিত করা যায়, তাদের সুযোগ-সুবিধা ও অবকাঠামো কীভাবে আরও বাড়ানো যায়, সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ কীভাবে দেওয়া যায়Ñ তা সুনির্দিষ্ট করা যাবে। আর এই প্রাতিষ্ঠানিক কাঠামোটির নাম কী হবে, তা তোমাদের (শিক্ষার্থীদের) সকলের সঙ্গে আলোচনা করেই দেওয়া হবে।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিশৃঙ্খলা নয়, রাস্তাঘাট ব্লক নয়। তোমাদের কোনো অভাব-অভিযোগ থাকলে এসে জানাবে। বর্তমানে যে শিক্ষা প্রক্রিয়া চলমানÑ সেটা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়। এই অন্তর্বর্তী সময়ে যে সমস্যাগুলো আছে, সেগুলো দূর করতে সচেষ্ট হতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আমি আলোচনা ও অনুরোধ করব। অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার মান উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করবে।’
গণআন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘অনেক সংগ্রাম করে রাস্তায় নেমে যারা আহত হয়েছেন, বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন, তাদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি। যারা নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এখন থেকে আমরা আবার আগের শিক্ষার পরিবেশে ফিরে যেতে চাই।’
অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ। ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এ বি এম রেজাউল করীম।