প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪ ০০:১১ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪ ১০:৩৮ এএম
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ছবি : সংগৃহীত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের মূল্যসংবেদনশীল তথ্য আগাম জেনে শেয়ার কেনাবেচা বা ইনসাইডার ট্রেডিংয়ের দায়ে সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক আলমগীর কবিরকে ১২ কোটি টাকা জরিমানা করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। একই সঙ্গে আলমগীর কবিরের স্ত্রী এবং বে লিজিংয়ের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক সুরাইয়া বেগমকে ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
ইনসাইডার ট্রেডিংয়ের কারণে আলমগীর কবির এবং সুরাইয়া বেগমের জামাতা তুষার এলকে মিয়াকে আড়াই কোটি এবং সাউথইস্ট ব্যাংকের মালিকানাধীন মার্চেন্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ক্যাপিটাল সার্ভিসেসকে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এ ছাড়া বে লিজিংয়ের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানি সচিবকে সতর্ক করার সিদ্ধান্ত হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বে লিজিংয়ের মূল উদ্যোক্তা আলমগীর কবিরের ভাই শাহজাহান কবির। স্ত্রীসহ পরিবারের সদস্যরা এর পরিচালনা পর্ষদের সদস্য হওয়ার সুবাদে আলমগীর কবির অবাধে পরিচালনা পর্ষদের সভায় অংশগ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতেন বলে জানা গেছে। কয়েকজন পরিচালকের আপত্তির কারণে এক বছর ধরে তিনি পর্ষদ সভায় অংশ নিতে পারছেন না।
এদিকে কমিশন সভায় মূলধন পর্যাপ্ততার শর্ত পরিপালনে পাঁচ বেসরকারি ব্যাংককে বন্ড ইস্যু করে শর্ত সাপেক্ষে ২ হাজার কোটি টাকা সংগ্রহের অনুমতি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা ব্যাংক ৪০০ কোটি, ব্যাংক এশিয়া ৪০০ কোটি, ইসলামী ব্যাংক ৫০০ কোটি, এক্সিম ব্যাংক ২৫০ কোটি এবং ট্রাস্ট ব্যাংক ৪৫০ কোটি টাকা সংগ্রহ করবে। বন্ডগুলোয় বিনিয়োগ করার সুযোগ পাবেন প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তি শ্রেণির সম্পদশালীরা।