× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চায় না সংস্কার কমিশন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪ ২২:১২ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪ ২২:১৪ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চায় না সংস্কার কমিশন

স্থানীয় সরকারের সব ধরণের নির্বাচনে দলীয় প্রতীক চায় না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। শনিবার (১৬ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যন্ড ডেমোক্রসি (আরএফইডি)’-এর সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ। 

তিনি বলেন, দলীয় প্রতীক নিয়ে আমাদের এখনো অবস্থান চুড়ান্ত করিনি। তবে স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হোক সেটা আমরা চাই না। এ জন্য স্থানীয় সরকারের আইন পরিবর্তন করতে হবে। আইনের পরিবর্তন না হলে এটা হবে না।

তোফায়েল আহমেদ বলেন, আমরা চাচ্ছি যারা বিদেশে আছেন কেবল তারা নন, যেন যারা দেশে আছেন-অক্ষম, নারী, কর্মস্থলের কারণে যারা এলাকার বাইরে আছেন, তাদের জন্য সুযোগটা রাখতে চাই। যারা রেমিট্যান্স পাঠাচ্ছেন তাদের যেন সুযোগটা নিশ্চিত করা যায় সেটা ভাবা হচ্ছে। এতে একটা বিরাট অসুবিধা হচ্ছে, তাদের আইডি কার্ড নেই। এ ক্ষেত্রে পাসপোর্টকে আমলে নেওয়া কথা ভাবছি।

গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য শুধু ২২টি দল ও জোটের কাছে প্রস্তাব চাচ্ছেন। আওয়ামী লীগ ও তাদের শরীক এবং জাতীয় পার্টিসহ অন্যান্য নিবন্ধিত দলের কাছে মতামত চাওয়া হয়নি। এটা কি বৈষম্য হলো না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, এটা নিয়ে আমরা আরেকদিন সংবাদ সম্মেলন করব। আপনারা সরকারকে জিজ্ঞেস করেন। আমরা অনেকের কাছে মতামত নিচ্ছি। আমরা চেষ্টা করছি সকল দল মতের ঊর্ধ্বে থেকে একটা সুপারিশ যেন করতে পারি।

সরকারের সিদ্ধান্ত যদি আপনার কমিশনের ওপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে আমরা কেমন সংস্কার পাব? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার এই কমিশনগুলো গঠন করেছে। সরকার একটা কার্যপরিধি নির্ধারণ করে দিয়েছে। আমাদের করণীয় নির্ধারণ করে দিয়েছে। প্রজ্ঞাপন জারি করেছে। অবশ্যই সরকারের অভিপ্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমরা কোন প্রেক্ষাপটে এখানে এসেছি, প্রেক্ষাপট হলো-দেড় হাজারের মতো প্রাণহানি হয়েছে। বিশ, ত্রিশ হাজার ব্যক্তি আহত হয়েছে। তাদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা এই সব কর্মকাণ্ড পরিচালনা করছি। আমরা যেন তাদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা না করি। আমরা তাদের রক্তের ঋণ শোধ করার জন্য বদ্ধপরিকর। আমাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই।

তিনি আরও বলেন, আমরা আগামী নির্বাচনের কথা শুধু চিন্তা করছি না। অনেক অন্যায়, অপকর্ম হয়েছে অতীতে, এগুলো যাতে ভবিষ্যতে বন্ধ হয়, নির্বাচন ব্যবস্থা যাতে কার্যকর হয়, তারমাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা যাতে দীর্ঘমেয়াদে শক্ত হয় সেই ব্যবস্থা করব।

এ সময় সংস্কার কমিশনের সদস্য ছাত্র প্রতিনিধি সাদিক আল আরমান বলেন, যারা আমাদের এতোগুলো ভাইকে হত্যা করল, এতো মানুষকে আহত করল- যার জন্য তারা এখনো জাতির কাছে ক্ষমা পর্যন্ত চায়নি। আমাদের সেই ভাইদের রক্তের উপর দাড়িয়ে কি আমাদের আওয়ামী লীগের মতামত নেওয়া উচিত? প্রশ্ন রাখেন তিনি।

ইভিএম প্রসঙ্গে বদিউল আলম বলেন, ইভিএম ত্রুটিপূর্ণ, দুর্বল যন্ত্র ছিল। এগুলো এখন অকেজো হয়ে গেছে বোধ হয়। সবচেয়ে বড় কথা এটার জন্য রাজনৈতিক ঐক্য এবং আস্থাশীলতা দরকার। রাজনীতিবিদকেই এ বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, টাকা দিয়ে কর্মকর্তা কেনে, ভোট কেনে, এটা কিভাবে বন্ধ করা যায়? কারণ এটা আর জনকল্যাণ নেই, এটা একটা ব্যবসা। এটা কিভাবে বন্ধ করা যায়, সেটার পথ বের করতে হবে। 

আরএফইডির মাধ্যমে ধারাবাহিক সংলাম শুরু হলো জানিয়ৈ বদিউল আলম মজুমদার বলেন, বিভিন্ন মাধ্যমে মানুষের সাড়ায় উৎসাহিত হচ্ছি। সবার মতামত নিয়ে আমরা সুচিন্তিত একটা সুপারিশ করব। 

মতবিনিময় সভায় গণমাধ্যম নীতিমালা সংশোধন করে যেকোনো প্রকারে প্রতিবন্ধকতা দূর করে খবর সংগ্রহ ও প্রচারের সুযোগ সৃষ্টি করতে হবে বলে সাংবাদিকেরা দাবি তোলেন। এ ছাড়া নারী আসনে সরাসরি ভোট, না ভোটের বিধান ফিরিয়ে আনা, কমিশনের অধীনেই এনআইডি কার্যক্রম রাখা, পেশি শক্তি প্রভাবরোধ, নির্বাচন কমিশনারদের মর্যাদা মন্ত্রীর ওপরে আনা, প্রশাসনের পরিবর্তে ইসি কর্মকর্তাদের ভোটের দায়িত্বে আনাসহ নানা প্রস্তাব করেন।

মতবিনিময় সভায় আরএফইডির সভাপতি একরামুল হক সায়েম, সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা