প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪ ১৫:৫২ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪ ১৬:০৯ পিএম
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি : সংগৃহীত
আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে। খাদ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে সরকার চায় না বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয় সভাশেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, চলতি বছর আমনের বাম্পার ফলন হয়েছে। ১৭ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ করা হবে। এবার সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। পাশাপাশি আমদানি করা হবে দেড় লাখ টন ধান ও গম। এবার আমনের দাম প্রতি কেজিকে ৩ টাকা বাড়ানো হয়েছে বলেও জানান আলী ইমাম মজুমদার।
খাদ্য উপদেষ্টা আরও বলেন, আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে। খাদ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না সরকার। তাই দেশের চালের বাজার নিয়ন্ত্রণে ও সরবরাহ বাড়াতে ইতোমধ্যে চালের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর প্রভাবও পড়বে দামে। ধান-চাল লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে উপদেষ্টা বলেন, এবার বন্যায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রামসহ অনেক এলাকার আমন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরেও লক্ষ্যমাত্রা অর্জনে সর্বোচ্চ চেষ্টা করা হবে।