প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ২২:৫৮ পিএম
জুনাইদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত
যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় রিমান্ডে থাকা সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পলক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।
মো. ফারুক বলেন, পলককে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তিনি যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় রিমান্ডে রয়েছেন। রিমান্ডে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।
এরআগে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ আগস্ট) ঢাকার খিলক্ষেত থানা এলাকার নিকুঞ্জ আবাসিক থেকে পলককে গ্রেপ্তার করে পুলিশ।