প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ১৩:৩৫ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ১৩:৫৩ পিএম
গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ রূপান্তরের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়নে ১৯ সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
শনিবার (২ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ‘গণভবনে জুলাই-আগস্ট জুড়ে সারা দেশে পতিত আওয়ামী সরকারের নিপীড়নের চিত্র তুলে ধরা হবে। আয়নাঘরের রেপ্লিকা হবে। এখানে একটি গবেষণা কেন্দ্রও থাকবে।’
জাদুঘর রূপান্তর কাজের সুনির্দিষ্ট সময়সীমা আছে কি না, এমন প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, ‘পুরো বিষয়টা কমিটি দেখবে, টাইমলাইনের বিষয়টা তারা ঠিক করবে। তখন আপনারা জানতে পারবেন।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরবর্তীতে যে-ই আসুক না কেন, এটা জনগণের বিজয়ের স্মৃতিচিহ্ন হিসেবে থাকবে। সবাই এটাকে ধারণ করবে। এটার কার্যক্রম সব সময় চলমান থাকবে, এটাই আমাদের প্রত্যাশা।’
শিগগিরই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কাজ সম্পন্ন হবে, এর পরই জনগণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
তিনি বলেন, ‘গণভবন দেশের ১৬ কোটি মানুষের কষ্ট ও গৌরবের চিহ্ন, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের প্রতীক। বিশ্ববাসীর কাছে এর ইতিহাস তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।’