প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ১১:১৪ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪ ১২:১৪ পিএম
ছবি : বাসস
লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে স্বেচ্ছায় দেশে ফিরতে বৈরুতে বাংলাদেশ দূতাবাসে আবেদনকারী প্রবাসী বাংলাদেশি ৩০ জনের চতুর্থ গ্রুপটি রবিবার (২৭ অক্টোবর) বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দা হয়ে ঢাকার উদ্দেশে রওনা করেছে।
সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
শনিবার বৈরুতে বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বহনকারী বিমানটি আজ সোমবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।
এতে বলা হয়, আবেদনকারীদের মধ্যে যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
এর আগে লেবাননের রাজধানী বৈরুতে বাংলাদেশ দূতাবাস আগ্রহী নাগরিকদের প্রত্যাবাসনের জন্য তালিকাভুক্ত হতে উৎসাহিত করে একটি বিজ্ঞপ্তি জারি করে।
এ পর্যন্ত তিন দফায় মোট ১৫০ জন লেবাননপ্রবাসী দেশে ফিরেছেন। চতুর্থ দফায় ৩০ জন মিলে এ সংখ্যা দাঁড়াবে ১৮০।
লেবানন থেকে দেশে ফিরতে ইচ্ছুক ৫৪ বাংলাদেশির প্রথম দলটি ২১ অক্টোবর সোমবার সন্ধ্যায় দেশে ফিরে আসে।
দ্বিতীয় দফায় দুই নবজাতকসহ মোট ৬৫ লেবাননপ্রবাসী সৌদি আরবের একটি বাণিজ্যিক ফ্লাইটে (এসভি ৮১০) জেদ্দায় যাত্রাবিরতির পর ২৩ অক্টোবর বুধবার বিকাল ৫টা ৩৪ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
তৃতীয় দফায় ৩১ বাংলাদেশির একটি দল বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের আরেকটি বাণিজ্যিক ফ্লাইটে (এসভি ৮০২) জেদ্দা হয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকায় পৌঁছে।
লেবাননে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর সঙ্গে অংশীদারির ভিত্তিতে প্রত্যাবাসন প্রচেষ্টা সমন্বয় করা হচ্ছে।
লেবাননে সংঘাত বাড়ার প্রেক্ষিতে আইওএম-ইউএন মাইগ্রেশন ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় লেবানন থেকে বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তনে সরকারের সঙ্গে সহযোগিতা করছে এবং দেশে আগমনের সঙ্গে সঙ্গে তাদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দিচ্ছে।
লেবাননে আনুমানিক ৭০ হাজার থেকে ১ লাখ বাংলাদেশি নাগরিক রয়েছে। তবে এর মধ্যে প্রায় ১ হাজার ৮০০ জন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।
লেবাননে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার সুবিধার্থে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।