প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ১২:৩৮ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ১৩:১৬ পিএম
ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বাংলাদেশের সমুদ্রবন্দরগুলো থেকে এর দূরত্ব কমে আসছে। ইতোমধ্যে আবহাওয়া অফিস থেকে ৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী বিপদসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে কমতে পারে দিনের তাপমাত্রা। তবে রাতে আবার খানিকটা বাড়তে পারে বলেও জানানো হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খানের দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এর ফলে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এ ছাড়া পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।