প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ১৮:৫৭ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪ ১৯:০৬ পিএম
ছবি : সংগৃহীত
সমাজকল্যাণ সচিব মো. ইসমাইল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এ ছাড়াও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সমাজকল্যাণ সচিব মো. ইসমাইল হোসেনের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানোর প্রয়োজন বলে বিবেচনা করে। এ অবস্থায় তাকে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী চাকরি থেকে অবসর দেওয়া হলো।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও এতে উল্লেখ করা হয়।
আরেক প্রজ্ঞাপনে বলা হয়, পিএসসি সচিব আব্দুল্লাহ আল মাসুদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
অপরদিকে, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে সরকারি কর্ম কমিশনের সচিব করা হয়েছে।