প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪ ১৮:০৫ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৪ ১৮:০৬ পিএম
ফায়ার সার্ভিসকে পানি থেকে দ্রুত উদ্ধার এবং বিপজ্জনক পদার্থ থেকে
সুরক্ষার অত্যাধুনিক সরঞ্জাম দিয়েছে মার্কিন দূতাবাস। রবিবার (২০ অক্টোবর) সকাল
সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ‘হ্যান্ডওভার
সিরোমনি অব সুইফট ওয়াটার রেসকিউ ইকুইপমেন্ট অ্যান্ড মেডিক্যাল সাপ্লাইস’ অনুষ্ঠানে
এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে মার্কিন অ্যাম্বাসির পক্ষে ডেপুটি চিফ অব মিশন মিজ মেগান
বলডিন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ
জাহেদ কামাল উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালকরা, ট্রেনিং
কমপ্লেক্সের অধ্যক্ষসহ ফায়ার সার্ভিস এবং ইউএস অ্যাম্বাসির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।
সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লেফটেন্যান্ট কর্নেল
মো. রেজাউল করিম এবং প্রধান অতিথির বক্তব্য দেন মার্কিন অ্যাম্বাসির পক্ষে ডেপুটি চিফ
অব মিশন মিজ মেগান বলডিন; সভাপতির বক্তব্য দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল
মুহাম্মদ জাহেদ কামাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেনিং কমপ্লেক্স-এর অ্যাডজুটেন্ট
মোহাম্মদ মামুন।
এরপর মার্কিন অ্যাম্বাসির পক্ষ থেকে ওয়াটার রেসকিউ ও মেডিক্যাল
সরঞ্জামের তালিকা ফায়ার সার্ভিসকে হস্তান্তর করা হয়। সরবরাহকৃত এসব সরঞ্জামের মধ্যে
রয়েছে ৮টি উদ্ধার নৌকা, ১১০টি লাইফ ভেস্ট এবং অন্যান্য জরুরি উদ্ধার সরঞ্জাম। এ ছাড়া
বিপজ্জনক পদার্থ থেকে সুরক্ষার জন্য ১২০টি ডিসপোজেবল কভারঅল এবং ১০০টি মেডিকেল ব্যাগ
প্রদান করা হয়েছে।
সবশেষে আমন্ত্রিত অতিথিরা সম্মিলিতভাবে ইকুইপমেন্ট ডিসপ্লে পর্যবেক্ষণ
ও ফটোসেশনে অংশগ্রহণ করেন।