প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ২০:১৪ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪ ২০:৪৫ পিএম
বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (বোরি) সংস্কারের লক্ষ্যে নৌবাহিনীর হাইড্রোগ্রাফি ও ওশনোগ্রাফি বিষয়ে বিশেষজ্ঞ কর্মকর্তা কমডোর এম মিনারুল হককে মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৭ অক্টোবর তাকে নিয়োগ দেয় সরকার। নৌ বাহিনী সদর দপ্তর সূত্রে এ তথ্য জানানো হয়।
নৌ বাহিনী সূত্র জানিয়েছে, সমুদ্র ও সমুদ্র সম্পদের সুরক্ষা এবং সমুদ্র জরিপ ও গবেষণায় নৌবাহিনী পথিকৃৎ হিসেবে দায়িত্ব পালন করছে। সমুদ্রসীমার নিরাপত্তা বিধানের সঙ্গে সঙ্গে সমুদ্র গবেষণায় গুরুত্বারোপ করে ১৯৮৩ সাল থেকে হাইড্রোগ্রাফি বিভাগ এবং পরবর্তীতে ব্লু ইকোনমি সেল সংযোজন করে নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী হাইড্রোগাফিক অ্যান্ড ওশনোগ্রাফিক সেন্টারের (বিএনএইচওসি) অধীনে পরিচালিত সমুদ্র বিজ্ঞান গবেষণা ও হাইড্রোগ্রাফিক সার্ভে কার্যক্রমের মান আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে সক্ষম হয়েছে। তাদের তৈরিকৃত পেপার ও ডিজিটাল নেভিগেশনাল চার্ট ব্রিটিশ অ্যাডমিরালটি কর্তৃক স্বীকৃত; যা বাংলাদেশসহ পৃথিবীর অন্যান্য সামুদ্রিক জাহাজ ব্যবহার করছে।
আরও জানিয়েছে, সমুদ্র অর্থনীতি বাস্তবায়ন এবং পানির গভীরতা পর্যবেক্ষণসহ সমুদ্র তলদেশের নানা প্রতিবন্ধকতা শনাক্ত করে সব জাহাজ চলাচলের লক্ষ্যে নিরাপদ সমুদ্র পথ বজায় রাখতে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে নৌবাহিনী। সেই সঙ্গে তাদের পাঁচটি রিসার্চ শিপ ও কিছু বিশেষায়িত সার্ভে বোট সমুদ্র গবেষণায় ইতোমধ্যে সাফল্য দেখিয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্ত মহাপরিচালক কমডোর মিনারুল হক সরাসরি ওশনোগ্রাফি বিষয়ে বিশেষজ্ঞ। নেভাল হাইড্রোগ্রাফি স্কুল, গোয়া, ভারত থেকে আইএইচও হাইড্রোগ্রাফি কোর্স এবং গোয়া ইউনিভার্সিটি থেকে হাইড্রোগ্রাফিতে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। এ ছাড়াও ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশোনোগ্রাফি থেকে ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি বর্তমানে ওশনোগ্রাফি নিয়ে একজন পিএইচডি ফেলোশিপে গবেষণারত। এ ছাড়া বেসিক ও লং হাইড্রোগ্রাফিক কোর্সেও ওশানোগ্রাফি বিষয়ে অধ্যয়ন করেন। ইতঃপূর্বে তিনি বাংলাদেশ নৌবাহিনীতে ডাইরেক্টর অব হাইড্রোগ্রাফি, ডাইরেক্টর অব-ব্লু-ইকোনমি এবং নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক রিসার্চ সেন্টারের অধিনায়ক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট (বিমরাড) এর মহাপরিচালক, মেরিটাইম ইউনিভার্সিটির আর্থ ও ওশান সাইন্স ফ্যাকাল্টির ডিন এবং ওশানোগ্রাফি বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।