প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ২৩:৫২ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪ ২৩:৫৫ পিএম
মাহফুজ আলম। ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, মুজিববাদের বিরুদ্ধে এবার হবে প্রত্যাঘাত। খুনিদের ক্ষমা নাই। খুনিদের আদর্শের ফেরিওয়ালাদের ক্ষমা নাই।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নিজের ভ্যারিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি এ মন্তব্য করেন।
মাহফুজ আলম লিখেছেন, ‘যাদের বিন্দুমাত্র অনুশোচনা নাই গণহত্যা নিয়ে, তাদের সঙ্গে নো রিকন্সিলিয়েশন (পুনর্মিলন)। আগে বিচার, তারপর সমঝোতা! মুজিববাদের বিরুদ্ধে এবার হবে প্রত্যাঘাত। খুনিদের ক্ষমা নাই। খুনিদের আদর্শের ফেরিওয়ালাদের ক্ষমা নাই।’
তিনি আরও লিখেছেন, ‘নির্মূলের রাজনীতি আমরা করতে চাই নাই। কিন্তু, আমাদের রক্ত পান করতে যারা স্লোগান দেবে, রাজনীতি করবে-সেসব মুজিববাদীদের কোনভাবেই ক্ষমা করা হবে না। দুহাজার বা ততোর্ধ্ব শহীদের আত্মার শপথ, কোন সুশীল বা গুন্ডা মুজিববাদীদের এ স্বদেশের এক ইঞ্চি জমিও ছেড়ে দেয়া হবে না। ফ্যাসিস্ট মুজিব হাসিনা/ মুর্দাবাদ মুর্দাবাদ।’
এর আগে, মঙ্গলবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে বিক্ষোভ করে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা। এ সময় তারা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ সহ নানা স্লোগান দিতে থাকেন। পরে একজনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
এদিকে আগামীকাল হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। বুধবার বেলা ১১টায় এই কর্মসূচি পালন করবেন তারা।