প্রতিবেদন জমা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪ ২২:৫২ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৪ ২২:৫৩ পিএম
সরকারি চাকরিতে বয়সসীমা আন্দোলন করেন চাকরিপ্রত্যাশীরা। ছবি : সংগৃহীত
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়তে পারে। এ সংক্রান্ত পর্যালোচনা কমিটি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। তবে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা কত বাড়ানোর সুপারিশ করা হয়েছে তা জানা যায়নি।
কমিটির সদস্য সদ্য জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব হিসেবে পদোন্নতি পাওয়া (আগের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কমিটির সুপারিশের প্রতিবেদন গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দেওয়া হয়েছে। এ প্রতিবেদন নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হবে। সেখানে চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
কমিটি সূত্রে জানা গেছে, কমিটি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে সুপারিশ করেছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আলাপ-আলোচনার পর সেটি চূড়ান্ত হতে পারে। চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সাধারণ চাকরিপ্রার্থীদের বয়সসীমা বেড়ে ৩২ বছর হতে পারে।
বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩০ এবং মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর।
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের দাবিতে অনেকদিন ধরে আন্দোলন করছেন চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীরা। এ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকও করেন আন্দোলনকারীরা।
পরে ওইদিনই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবির বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়।