নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২২ ২০:৫৪ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২২ ২০:৫৮ পিএম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে রাইড শেয়ারিং খাতেও। বিশেষ করে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। রাজধানীর বিভিন্ন জায়গায় ৫০ থেকে ১০০ টাকা বা দ্বিগুণেরও বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা।
তারা জানান, জ্বালানি তেলের দাম বাড়ার ঘোষণার পরপরই বেশি ভাড়া নেওয়া শুরু করে দিয়েছেন মোটরসাইকেল চালকরা। শনিবার সকালে যাত্রীর চাপ থাকলেও গণপরিবহন ও মোটরসাইকেলের সংখ্যা ছিল কম। একই সঙ্গে যৌক্তিক ভাড়ার বাইরে অতিরিক্ত দাবি করেছেন মোটরসাইকেল চালকরা।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার গেট থেকে আগারগাঁও বিজ্ঞান জাদুঘরের সামনে যেতে ২৫০ টাকা দাবি করছেন চালকরা। অথচ ওই স্থানে এর আগে ১৫০ টাকায় যাওয়া যেত। রাজধানীর অন্য এলাকাগুলোতেও অতিরিক্ত ভাড়া নেওয়ার তথ্য মিলেছে।
হুমায়ুন আহমেদ নামে এক যাত্রী বলেন, ‘আগারগাঁও ১৫০ টাকা দিয়ে আসতাম আমি। কিন্তু এখন ২৬০ টাকার কমে যাচ্ছে না কেউ। অন্য কোনো গাড়ি না থাকায় বেশি টাকা দিয়ে আসতে বাধ্য হয়েছি আমি।’
রাইড শেয়ারিংয়ে কাজ করা ইমাম হোসেন নামে এক চালক বলেন, ‘তেলের দাম বাড়তি। আমরা কী করব? ১০ থেকে ১৫ টাকা বাড়ালে মানা যায়। যা বাড়িয়েছে, তা নিয়মের মধ্যেই পড়ে না। যাত্রীদের সঙ্গে তর্ক-বিতর্ক করতে হচ্ছে। কেউ কেউ বুঝতে চান না যে, আমাদের কিছু করার নেই।’
প্রবা/আরএম/এসআর