নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২২ ১৮:৪৩ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২২ ১৮:৫৮ পিএম
শনিবার জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করে যাত্রী কল্যাণ সমিতি। ছবি সংগৃহীত
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কোনোভাবেই সঠিক সিদ্ধান্ত নয় বলে দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি এ সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী হিসেবে আখ্যায়িত করছে।
শনিবার (৬ আগস্ট) বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভা ও মানববন্ধনে এ দাবি করা হয়।
মানববন্ধন থেকে বলা হয়, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সরকার গত নভেম্বরে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়েছিল। তখন দাম নির্ধারণ করা হয় লিটারপ্রতি ৮০ টাকা। এরপর বাসভাড়া বাড়ানো হয় প্রায় ২৭ শতাংশ, লঞ্চভাড়া বাড়ানো হয় ৩৫ শতাংশ, যা তেলের দাম বাড়ানোর হারের চেয়ে অনেক বেশি।
গতকাল শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। রাত ১২টার পর থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ দিশাহারা, তখন দুঃসময়ে জ্বালানি তেলের দাম এক লাফে প্রায় ৫০ শতাংশের কাছাকাছি বাড়ানো হয়েছে। এতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। পরিবহন ব্যয় দ্বিগুণ বেড়ে যাবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে চলে যাবে। ইতোমধ্যে পরিবহন খাতে অস্থিরতা দেখা দিয়েছে।
তেলের দাম যে পরিমাণ বাড়ে, তার চেয়ে কয়েকগুণ বেশি বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া বাড়ে বলে উল্লেখ করেন মোজাম্মেল হক চৌধুরী।
তিনি বলেন, পণ্য পরিবহন ভাড়াও ইচ্ছামতো বাড়িয়ে দিয়েছেন ট্রাক-কাভার্ড ভ্যান মালিকরা। বাসমালিক-শ্রমিক নেতারা মিলেমিশে কয়েকগুণ বাড়তি ভাড়া আদায় করছেন।
তিনি আরও বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী। এ সময় বাজার পর্যবেক্ষণ না করে, কেবল আইএমএফের পরামর্শ বাস্তবায়নে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী। অনতিবিলম্বে বর্ধিত দাম প্রত্যাহার করে আগের দাম পুনর্বহাল করতে হবে।
সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি তাওহিদুল হক, যুগ্ম মহাসচিব এম. মনিরুল হক, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রাসেল প্রমুখ।
প্রবা/আরএম/এসআর