প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৬ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৪ পিএম
দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। প্রবা ফটো
মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ভারতের গোজাডাঙ্গা আইসিপি ও বাংলাদেশের ভোমরা আইসিপির গেট ভেঙে বাংলাদেশ অংশে ঢুকে পড়া দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) তাদের আটক করে।
আটকরা হলেন- ভারতের উত্তর ২৪ পরগনা জেলার নিউ টাউন থানার গৌরাঙ্গনগর গ্রামের সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার (৩৯) এবং বিধু সরকারের ছেলে দিলু সরকার (২০)।
এ বিষয়ে রাতেই বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার ও বিএসএফ গোজাডাঙ্গা কোম্পানি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার আফজাল হোসেন বলেন, ‘দুই ভারতীয় নাগরিক পিকআপযোগে বিএসএফের নিরাপত্তা বেষ্টনি অতিক্রমের পর ভোমরা স্থলবন্দরের জিরো পয়ন্টে ক্রসিং গেট ভেঙ্গে বাংলাদেশ প্রবেশ করে। এসময় ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে ক্রসিং গেট, ৩টি রোড ডিভাইডার, বাঁশকল চেকপোস্টের গেট, ১টি মোটরসাইকেল ও ১ ইজিবাইক ক্ষতিগ্রস্থ হয়।’
এ ধরনের কর্মকাণ্ডের জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদ প্রতিবাদ জানানো হয়। প্রতিউত্তরে ঘোজাডাঙ্গা কোম্পানি কমান্ডার এসি নবীন কুমার বলেন, ‘গাড়ি চালক অতিরিক্ত মাত্রায় মাদকদ্রব্য সেবন করেছিল। মাতাল অবস্থায় অতিরিক্ত স্পিডে গাড়ি চালিয়ে ভারতের অভ্যন্তরে ৩/৪টি ইজিবাইক ভেঙ্গে এবং গোজাডাঙ্গা আইসিপির ২টি গেট ভেঙ্গে ভোমরা স্থলবন্দরের দিকে যায়। এসময় বেপরোয়া গতির কারণে বিএসএফ টহলদল তাদেরকে থামাতে ব্যর্থ হয়।’ এ ব্যাপারে তিনি বিজিবির কাছে দুঃখ প্রকাশ করেন।
অবৈধ অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর ও মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন।