বেনাপোল (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪৩ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২০:২০ পিএম
ভারতে পাচার ৯ বাংলাদেশি নারী সাজাভোগ শেষে দুই বছর পর দেশে ফেরেছেন। প্রবা ফটো
ভারতে পাচার হওয়া ৯ বাংলাদেশি নারী সাজাভোগ শেষে দুই বছর পর দেশে ফিরেছেন। ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশে হস্তান্তর করেছে।
ফেরত আসা ৯ নারী হলেন শিমা খাতুন, তন্নি, রোজিনা, সুলতানা, লামিয়া, আনোয়ারা খাতুন, সোনিয়া, শাহিরন ও জাহানারা বেগম। তারা কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, যশোর ও খুলনা জেলার বাসিন্দা।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, ভালো কাজের আশায় দালালচক্রের খপ্পরে পড়ে ৯ বাংলাদেশি নারী দুই বছর আগে অবৈধভাবে বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ভারতে যান। সেখানে তারা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
তিনি জানান, সাজাভোগ শেষে রেসকিউ ফাউন্ডেশন নামে একটি মানবাধিকার সংস্থা তাদের ছাড়িয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে। ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ সকালে তারা দেশে ফিরেছেন। তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর নামে দুটি মানবাধিকার সংস্থা তাদের পরিবারে হস্তান্তর করবে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার কর্মকর্তা আরিফা আক্তার ও রাইটস যশোর কর্মকর্তা তৌফিকুজ্জামান বলেন, ৯ নারীকে নিজস্ব শেল্টার হোমে রাখার পর তাদের নিজ নিজ পরিবারে হস্তান্তর করা হবে।