প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০১ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২০ পিএম
ফ্যাসিস্ট মিডিয়া হাউসের বিচার চেয়ে মানববন্ধন করে ওরিয়ন গ্রুপ। প্রবা ফটো
ওরিয়ন গ্রুপের বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সম্প্রচারিত কয়েকটি প্রতিবেদন মিথ্যা ও মানহানিকর দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রুপ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গ্রুপ কর্তৃপক্ষ বলেন, ওরিয়ন বিদ্যুৎ উৎপাদন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিত্তিহীন প্রতিবেদনের মাধ্যমে আমাদের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে।
তারা বলেন, ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রকাশিত একটি প্রতিবেদনে ওরিয়নের বিদ্যুৎকেন্দ্রগুলো সম্পর্কে বিভ্রান্তিকর এবং মিথ্যা তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে দাবি করা হয়, বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ না করে ওরিয়ন সরকারের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে এবং বিদেশে পাচার করেছে। ওরিয়ন এ ধরনের ভিত্তিহীন অভিযোগ কঠিনভাবে প্রত্যাখ্যান করছে। ওরিয়ন বিপিডিবির চাহিদা মোতাবেক নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করে আসছে এবং ১৬.৯ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করেছে।
এ ছাড়া ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা খবরের মাধ্যমে জাতীয় অবকাঠামো প্রকল্পগুলোর সুনাম নষ্ট করার প্রচেষ্টা করা হয়েছে। যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার, যা বাংলাদেশের প্রথম সফল পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্প, তা নিয়ে মিথ্যা এবং বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচার করা হয়। শেয়ারহোল্ডারদের অপসারণ এবং টোল আদায়ের ক্ষেত্রে অব্যবস্থাপনার অভিযোগগুলোও সম্পূর্ণ মিথ্যা।
তারা আরও বলেন, ওরিয়ন বিশ্বাস করে, এই ধরনের হলুদ সাংবাদিকতা শুধু কোম্পানির সুনাম ক্ষুণ্ন করার প্রচেষ্টা নয়, বরং দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্যও হুমকিস্বরূপ। মানববন্ধনের মাধ্যমে আমরা এই ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করতে চাই। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশ এবং এ ধরনের মানহানিকর প্রচারণা বন্ধে আমরা সচেষ্ট থাকব।