যশোর সংবাদদাতা
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২ ০০:৩৪ এএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২২ ১০:৫৭ এএম
যশোরের বেনাপোল স্থলবন্দর। ছবি : সংগৃহীত
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ২৪ বাংলাদেশি কিশোর-কিশোরী পাঁচ বছর পর দেশে ফিরেছে। স্বদেশ প্রত্যাবাসন আইনে মঙ্গলবার (২২ নভেম্বর) তাদের বেনাপোল স্থলবন্দরে হস্তান্তর করেছে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন। এদিন রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশে তুলে দেয়।
ফেরত আসা কিশোর–কিশোরীদের বাড়ি যশোর, সাতক্ষীরা, কক্সবাজার, নওগাঁ, চট্টগ্রাম, যশোর, ঢাকা, বাগেরহাট ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।
তাদের আইনি সহায়তা দিতে ১৩ জনকে জাস্টিস অ্যান্ড কেয়ার, ছয়জনকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও পাঁচজনকে রাইটস যশোর নামে তিনটি বেসরকারি সংস্থা (এনজিও) গ্রহণ করেছে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার এবিএম মুহিত হোসেন বলেন, ‘সংসারে অভাব-অনটনের কারণে ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্তপথে দালালের মাধ্যমে তারা ভারতে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইনি সহায়তা দিতে ভারতীয় মানবাধিকার সংস্থা লিলুয়া, ধ্রুব আশ্রম ও সুকন্যা হোম তাদের আদালত থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে নেয়। পরে দুই দেশের সরকারের সহযোগিতায় স্বদেশ প্রত্যাবাসন আইনে তারা দেশে ফেরার সুযোগ পায়।’
তিনি বলেন, ‘ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চায়, তাহলে তাদের সেটি দেওয়া হবে।’
কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের কাউন্সেলর (কনস্যুলার) এএসএম আলমাস হোসেন বলেন, ‘অভিভাবকদের আরও সচেতন হতে হবে, যাতে এসব অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে ঘর থেকে বিপথগামী না হয়।’