প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩২ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪২ পিএম
আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি : সংগৃহীত
আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ‘নব বাংলায় যে অভ্যুত্থানর সৃষ্টি হয়েছে, সেই অভ্যুত্থানের সঙ্গে মিলিয়ে কাজগুলো আমরা শুরু করেছি। যেখানে থাকবে না কোনো বৈষম্য। থাকবে সহমর্মিতা, মানবিকতা ও সমতা।’
সোমবার (২৩ সেপ্টেম্বর) মানিকগঞ্জের ঘিওরে আনসার ভিডিপির ব্যবস্থাপনায় গ্রামভিত্তিক ১০ দিনব্যাপি ভিডিপি মৌলিক প্রশিক্ষণ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
আনসার মহাপরিচালক বলেন, ‘তরুণরাই দেশের মূল চালিকা শক্তি। যে দেশে তরুণরা সমাজ ও রাষ্ট্র গঠনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে সেই দেশ তত বেশি উন্নত। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাষ্ট্রের জন্য কাজ করে। সেই কাঠামোর আন্ডারে যারা তরুণ আছেন, তারা স্বেচ্ছাসেবী হিসেবে নিজেদেরকে গড়ে তুলেছেন। এ তরুণ আনসার ভিডিপি সদস্যরা ধীরে ধীরে সমাজ, রাষ্ট্র এবং বাহিনীর একজন সদস্য হিসেবে ভূমিকা রাখতে পারবেন।’
তিনি বলেন, ‘আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত সুশৃঙ্খল বাহিনী। এ বাহিনীর সবচেয়ে বড় অংশ হলো গ্রাম প্রতিরক্ষা দল ভিডিপি। বাংলাদেশের প্রতিটি গ্রামে ৩২ জনের একটি পুরুষ ভিডিপি প্লাটুন এবং ৩২ জনের একটি মহিলা ভিডিপি প্লাটুন রয়েছে। তারা সারা দেশের নিরাপত্তা রক্ষায় স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করে।’
আনসার ভিডিপির আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরের ১০ দিনব্যাপী ভিডিপি (পুরুষ ও মহিলা) মৌলিক প্রশিক্ষণ চলছে মানিকগঞ্জের ঘিওর গ্রামে। প্রশিক্ষনে ২৯ জন পুরুষ এবং ৩০ জন মহিলাসহ সর্বমোট ৫৯ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন।
এদিকে গত ১৬ জুলাই থেকে একই জেলায় ৭০ দিন মেয়াদী কারিগরি প্রশিক্ষণ ‘রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং’ এবং ‘অটোমেকানিক্স’ ১ম ধাপ ভিডিপি (পুরুষ) এর প্রশিক্ষণ সমাপনী গতকাল রবিবার শেষ হয়। ওই অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। পরে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে বাহিনীর পক্ষ থেকে পুরস্কার সামগ্রী ও সনদপত্র বিতরণ করেন তিনি।