প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ০০:৪৬ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:২১ এএম
সাবেক রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। ছবি : সংগৃহীত
যাত্রাবাড়ী থানার এক মামলায় সাবেক রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
নুরুল ইসলাম সুজনের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘিতে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। এ ছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, যুবলীগের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ছিলেন। সুজন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন। এর আগে ২০১৮ সালের নির্বাচনে জয়ী হলে রেলমন্ত্রীর দায়িত্ব পান তিনি।