প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ০০:৩৪ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৬ পিএম
শনিবার দিবাগত রাতে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: সংগৃহীত
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে র্যাব তাকে আদাবর থানায় হস্তান্তর করেছে।
এদিকে ফরহাদ হোসেনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খানও। তিনি জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় মামলা হয় তার বিরুদ্ধে। সেই মামলায় তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।
ফরহাদ হোসেন ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর–১ আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০১৫ সালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে গঠিত মন্ত্রিসভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী হন ফরহাদ হোসেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে নির্বাচিত হয়ে জনপ্রশাসন মন্ত্রী হন।
ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম শিলা জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের ভাতিজি।