× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহীদুল হক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪ ১১:৪৪ এএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৭ পিএম

রিমান্ড শেষে সাবেক আইজিপি শহীদুল হককে কারাগারে নেওয়া হয়। ছবি : সংগৃহীত

রিমান্ড শেষে সাবেক আইজিপি শহীদুল হককে কারাগারে নেওয়া হয়। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আবদুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) একেএম শহীদুল হককে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সকালে সাত দিনের রিমান্ড শেষে শহীদুল হককে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক বায়েজীদ বোস্তামী। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ৩ সেপ্টেম্বর রাতে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এরপর রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আকতারুজ্জামান জামিন আবেদন নামঞ্জুর করে সাত দিনের রিমান্ড দেন।

১৯ জুলাই বিকাল ৫টায় নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আবদুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। নিহত ব্যবসায়ীর ভাগনিজামাই আবদুর রহমান বাদী হয়ে ২১ আগস্ট নিউমার্কেট থানায় এ মামলা করেন।

মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক স্বরাষ্ট্র সচিব চৌধুরী জাহাঙ্গীর আলম, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ প্রমুখ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৯ জুলাই বিকাল ৫টায় নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিল চলছিল। এ সময় কিছু আসামির যোগসাজশ ও উস্কানিমূলক বক্তব্যে ও সরাসরি নির্দেশে নিরপরাধ মানুষের ওপর গুলি করা হলে ঘটনাস্থলে মাহফুজুর রহমান, নাসির উদ্দিন, শামীম উসমান, মো. আবু মূসা, মাঈনুদ্দিন, শাহাদাত হোসেন, আবির হোসেনসহ অনেক নিরস্ত্র ছাত্র-জনতা ও সাধারণ পথচারী আহত হন। আবদুল ওয়াদুদ নিউমার্কেট থানার প্রিয়াঙ্গন শপিং সেন্টারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা