প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৯ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫০ পিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ছবি : সংগৃহীত
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেন্নাইগামী ফ্লাইটের এক যাত্রীর লাগেজ থেকে ৬ হাজার ৮০০ ইউরো চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার (৯ সেপ্টেম্বর) বিমানের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত ২ সেপ্টেম্বর ইউরো চুরির ঘটনা ঘটে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২ সেপ্টেম্বর বিমানের বিজি-৩৬৩ ফ্লাইটে ঢাকা থেকে চেন্নাই যায় এক যাত্রী। চেন্নাই পৌঁছে ওই যাত্রী তার চেকড লাগেজে থাকা ৬ হাজার ৮০০ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ ১০ হাজার টাকা না পেয়ে লিখিত অভিযোগ করে। এরপর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে বিমানের নিরাপত্তা বিভাগ। তারা ঢাকা স্টেশনে কর্মরত ছয় ট্রাফিক হেলপারকে চিহ্নিত করে। জিজ্ঞাসাবাদে ট্রাফিক হেলপাররা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
তিনি জানান, পরে অভিযুক্তদের বিরুদ্ধে বিমানের নিরাপত্তা বিভাগ ঢাকার বিমানবন্দর থানায় মামলা করা হয়। এরপর ছয়জনের মধ্যে পাঁচজনকে থানায় সোপর্দ করা হয়। তাদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একজন পলাতক রয়েছেন।
তিনি আরও জানান, এ ঘটনার পেছনে যারা আছে তাদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে এবং দোষীদের আইনের আওতায় নেওয়া হবে। আইনপ্রয়োগকারী সংস্থার মাধ্যমে চুরি করা অর্থ দ্রুত উদ্ধার করে যাত্রীকে ফেরত দেওয়া হবে।