চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩৪ পিএম
সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পাওয়ার পর ক্ষমা পাওয়া ৫৭ বাংলাদেশির মধ্যে ১২ জন দেশে ফেরেন। শনিবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা। প্রবা ফটো
সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পাওয়ার পর ক্ষমা পাওয়া ৫৭ বাংলাদেশির মধ্যে ১২ জন দেশে ফিরেছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) দুটি পৃথক ফ্লাইটে তারা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ক্ষমা পাওয়া ৫৭ জনের মধ্যে ১২ জন বাংলাদেশি আজ এয়ার আরাবিয়ার দুটি ভিন্ন ফ্লাইট এ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এ অবতরণ করেছেন। এদের মধ্যে শার্জা থেকে আসা একটি ফ্লাইটে একজন এবং আবুধাবি থেকে আসা আরেকটি ফ্লাইটে ১১ জন যাত্রী চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।’
শার্জা থেকে আসা ফ্লাইটি রাত সোয়া ৮টা, অন্যদিকে আবুধাবি থেকে আসা ফ্লাইটটি রাত পৌনে ৯টায় বিমানবন্দরে এসে পৌঁছায় বলে তিনি জানান।
গত জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ যখন বিক্ষোভে উত্তাল, সে সময় তাতে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাস্তায় বিক্ষোভে নেমেছিলেন বাংলাদেশিরা। ২০ জুলাই সন্ধ্যায় দুবাই, শারজাহ ও আজমানের বিভিন্ন এলাকার সড়কে বিক্ষোভের সময় ৫৭ বাংলাদেশিকে আটক করে আমিরাতের পুলিশ। দুদিন পর দাঙ্গা, যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সম্পদহানির মত অভিযোগে তাদের তিনজনকে যাবজ্জীবন, একজনকে ১১ বছর এবং বাকি ৫৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেয় স্থানীয় আদালত। পরে এ ঘটনায় অন্তবর্তী সরকারের হস্তক্ষেপে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশটির আদালতে দণ্ডপ্রাপ্ত ৫৭ জন বাংলাদেশি প্রবাসীকে ক্ষমা করে দেন।