দৃকের প্রতিষ্ঠাবার্ষিকীতে নূরুল কবীর
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৬ পিএম
বুধবার সন্ধ্যায় দৃকপাঠ ভবনে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কথা বলেন ইংরেজি দৈনিক নিউ এইজের সম্পাদক নূরুল কবীর। প্রবা ফটো
‘যে কোন স্বৈরতান্ত্রিক শক্তিকে ক্ষমতা থেকে সরাতে ভরসা রাখতে হবে নাগরিক প্রতিরোধের উপর, ইতিহাস বোধ সম্পন্ন মানুষ মাত্রই সেটা করে। কারণ জনগণের শক্তির সামনে কোন বিদেশী শক্তিই টিকতে পারে না।’
আলোকচিত্র প্রতিষ্ঠান দৃকের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার (৪ সেপ্টেম্বর) দৃক পিকচার লাইব্রেরি আয়োজিত গোলাম কাসেম ড্যাডি লেকচারে এ কথা বলেন ইংরেজি দৈনিক নিউ এইজের সম্পাদক নূরুল কবীর। সন্ধ্যা ৬ টায় দৃকপাঠ ভবনের আট তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নূরুল কবীরের বক্তৃতার বিষয় ছিল ‘তিনটি ছাত্র গণঅভ্যুত্থান (১৯৬৯, ১৯৯০, ২০২৪): কারণ ও ফলাফল’।
তিনি বলেন, ‘যে কোন স্বৈরতান্ত্রিক শক্তিকে ক্ষমতা থেকে সরাতে ভরসা রাখতে হবে নাগরিক প্রতিরোধের উপর, ইতিহাস বোধ সম্পন্ন মানুষ মাত্রই সেটা করে। কারণ জনগণের শক্তির সামনে কোন বিদেশী শক্তিই টিকতে পারে না।’
তিনি আরও বলেন, আমাদের দেশের অনেক স্বৈরতান্ত্রিক শক্তিকেই জনগণের প্রতিরোধের মুখে অতীতে তাড়ানো হয়েছে। যারা ইতিহাস চর্চা করেন তারা জানেন এই ধরনের প্রতিরোধ সকল সময় কাঙ্ক্ষিত ফলাফল এনে দিতে পারে না। কেন সবসময় এই ঐতিহাসিক সংগ্রাম গুলো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছতে পারে না, জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারে না, কোথায় গলদ ছিল তার অনুসন্ধান সর্বদা জরুরি। আমাদের এটা করা প্রয়োজন যাতে পরের সংগ্রাম গুলোকে সফল করা সম্ভব হয়।’
এ আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন আলোকচিত্রী এবং দৃক পিকচার লাইব্রেরির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। তিনি তার বক্তব্যে নূরুল কবীরের পরিচয় এবং কর্মপরিধি তুলে ধরেন।