× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গার্মেন্টস শিল্পে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা গেছে, কঠোর ব্যবস্থা : শ্রম উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩ পিএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৫ পিএম

গার্মেন্টস শিল্পে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা গেছে, কঠোর ব্যবস্থা : শ্রম উপদেষ্টা

পোশাক শ্রমিকদের দাবি-দাওয়ার আন্দোলনে বহিরাগত দুষ্কৃতিকারীরা ঢুকেছেন বলে দাবি করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেসব দুষ্কৃতিকারীদের চিহ্নিত করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, তারা গার্মেন্টস শিল্প ধ্বংসের ষড়যন্ত্র ও পাঁয়তারা করছে। তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘শ্রমিকদের তো দাবি দেওয়া আছে। বহিরাগত যাদের সঙ্গে শ্রম ও শিল্পের কোনো সম্পর্ক নেই, এমন কিছু লোকজনকে দেখা যাচ্ছে। যারা হেলমেট এবং হাফ প্যান্ট পরে বিভিন্ন কারখানায় ঢিল ছুড়ছে, হামলা করছে।’

গতকাল সোমবার থেকে শ্রমিক নেতাদের সঙ্গে তিনটি বৈঠক হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘শ্রমিকদের যেসব ন্যায্য দাবি দেওয়া আছে সেসব নিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে আমরা আলাপ-আলোচনা করছি। তাদের যেসব লং টাইম দাবি আছে সেসব নিয়েও দ্রুত সমাধানের বিষয়ে আমরা তাদের সঙ্গে কাজ করে যাব। কিন্তু যারা ষড়যন্ত্র করছে এবং যারা দুষ্কৃতিকারী আছে, তাদের চিহ্নিত করা গেছে। শ্রমিক নেতারা এ ব্যাপারে একমত হয়েছেন এবং আমাদের কাছেও তথ্য আছে। সরকার তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।’

‘আমরা এও জানতে পেরেছি, ঝুট ব্যবসা দখলের নামে বিভিন্ন জায়গায় সন্ত্রাস করা হচ্ছে এবং কোপাকুপির মতো ঘটনা ঘটেছে। ঝুট ব্যবসা দখলের নামে সেখানে আনরেস্ট পরিস্থিতি তৈরি করা হচ্ছে। রাজনৈতিক দলের কিছু নেতা এখানে অংশগ্রহণ করছেন। ব্যাপারটি সমাধানের জন্য সরকার কঠোর ব্যবস্থা নেবে,’ যোগ করেন শ্রম উপদেষ্টা।

তিনি বলেন, ‘দেশের সাত কোটি শ্রমিকের কাজের মাধ্যমে শ্রমের মাধ্যমে আমাদের অর্থনীতি সচল রয়েছে। আপনারা জানেন, গত ফ্যাসিবাদী সরকারের আমলে লাখ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে, অনেক দুর্নীতি হয়েছে। তারপরও দেশের অর্থনৈতিক চাকা সচল রয়েছে আমাদের আরএমজি এবং নন আরএমজি সেক্টরে শ্রমিকদের কাজ করে যাওয়া এবং এই শিল্পের বিকশিত হওয়ার কারণে।’

পোশাক শ্রমিকদের উদ্দেশে শ্রম উপদেষ্টা বলেন, ‘এখন নানা ধরনের ষড়যন্ত্র করে, শ্রমিক বিক্ষোভকে উসকে দিয়ে, এর মধ্যে বহিরাগতরা অনুপ্রবেশ করে আমাদের এই বাজার দখলের এক ধরনের পাঁয়তারা চলছে। আমরা এগুলো কঠোর হাতে দমন করব। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য এবং ন্যায়সংগত যত দাবি আছে, তা পূরণে সরকার কাজ করবে। আমাদের যে শিল্প রয়েছে সে শিল্পের ওপর আঘাত হানার মতো কোনো ঘটনা যেন না ঘটে, এ ব্যাপারে শ্রমিক ভাইদের বলব আপনারা সতর্ক থাকেন।’

মালিকপক্ষ যেন দ্রুততম সময়ের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতনের ব্যবস্থা নেয়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘বিগত জুলাই-আগস্ট মাসে যেসব কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের শ্রমিকদের বকেয়া বেতনের ব্যবস্থা করতে সরকারের পক্ষ থেকে মালিকদের জন্য সফট লোনের ব্যবস্থা করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা