বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৭ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫০ পিএম
হাসানুল হক ইনু। ছবি : সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক সুজন হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ফের পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে শুনানি শেষে তার পাঁচ দিনের রিমান্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রহমান এ মামলায় ইনুকে গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
অন্যদিকে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল-ফারাবীর আদালত এ মামলায় ইনুকে গ্রেপ্তার দেখান।
গত ২৫ আগস্ট বিকালে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি টিম। পরদিন রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার সাত দিনের রিমান্ড দেন আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০ জুলাই রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকায় গাড়ি পার্কিং করতে গিয়ে গুলিবিদ্ধে হয়ে মারা যান ট্রাকচালক সুজন। এ ঘটনায় তার ভাই রফিকুল ইসলাম একটি হত্যা মামলা করেন।