× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সম্পাদকদের প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার কোনো ভুল করলে নির্দ্বিধায় লিখুন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০৪ পিএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ২২:২২ পিএম

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : পিআইডি

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : পিআইডি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চান গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করুক এবং অন্তর্বর্তীকালীন সরকার কোনো ভুল করলে নির্দ্বিধায় লিখে যাক। সরকার দেশে একটি গতিশীল গণমাধ্যম দেখতে চায়। এর জন্য যা যা প্রয়োজন তার সবটুকু করা হবে। একই সঙ্গে লেখনীর মাধ্যমে জাতীয় ঐকমত্য ও ঐক্য প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের শীর্ষস্থানীয় সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীরও উপস্থিত ছিলেন। এ ছাড়া ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার গেটে পৃথক ব্রিফ করেন। 

মাহফুজ আনাম বলেন, ‘তিনি (প্রধান উপদেষ্টা) কোনো দ্বিধা ছাড়াই আমাদের লেখার অনুরোধ করেছেন। আমরা এখন সত্যিকার অর্থে গণমাধ্যমবান্ধব সরকার পেয়েছি। আমরা খুবই আনন্দিত।’

ডেইলি স্টার সম্পাদক বলেন, তারা চান, দেশে একটি জাতীয় ঐক্য স্থাপিত হোক। বৈঠকে তারা সংবিধানসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব দিয়েছেন। সাংবাদিকদের বিরুদ্ধে যত্রতত্র খুনের মামলা বন্ধ করতে বলেছেন।

তিনি সাংবাদিকদের বলেন, একজন সম্পাদক হিসেবে আমি প্রশ্ন উত্থাপন করি, সাংবাদিকদের নিশ্চয়তা ও যত্রতত্র যে খুনের মামলা হচ্ছে সেটা যেন বন্ধ করা হয়। এ ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটি ব্যবস্থা নেন। সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে, তারা যদি দুর্নীতিতে জড়িত থাকে তাদের বিরুদ্ধে আলাদা মামলা হবে কিন্তু এভাবে যেন না হয়।’

তিনি আরও জানান, যেসব আইনে সাংবাদিক নিপীড়নের ধারা আছে, সেগুলো (ধারা) এখনই বাদ দিয়ে পরবর্তী সময়ে তা সংস্কারসহ বেশ কিছু প্রস্তাব অন্তর্বর্তী সরকারের কাছে দিয়েছেন সম্পাদকরা।

প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ড. ইউনূস গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন এবং অন্তর্বর্তীকালীন সরকার একটি গতিশীল গণমাধ্যম দেখতে চায়।

তিনি বলেন, সম্পাদকদের সঙ্গে সাক্ষাৎকালে ড. ইউনূস মুক্ত গণমাধ্যমের শক্তির প্রতি তার দৃঢ় আস্থা ব্যক্ত করেন এবং গণমাধ্যমকে তাদের সংবাদ পরিবেশনে সোচ্চার ও স্বচ্ছ হওয়ার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা সম্পাদকদের সরকারি কার্যক্রমের সকল ক্ষেত্রে ত্রুটি-বিচ্যুতি ধরিয়ে দেওয়ারও আহ্বান জানান।

মতবিনিময় সভায় সম্পাদকগণ সাংবাদিকদের জন্য যেসব কালাকানুন আছে সেগুলো বাতিল বা নিবর্তনমূলক ধারা সংশোধন করার প্রস্তাব করেন।

সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের ওপর কোনো ধরনের চাপ নেই উল্লেখ করে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম মজুমদার বলেন, ‘মতবিনিময় সভায় একটি প্রাণবন্ত ও মুক্ত গণমাধ্যমের জন্য মিডিয়া কমিশন গঠনের কথা বলা হয়েছে। এই কমিশন আমাদের দেশে মিডিয়া কীভাবে চলবে তা ঠিক করবে।’তিনি আরও বলেন, ‘সাংবাদিকতা করতে গিয়ে কেউ যেন বিপত্তির মুখে না পড়েন, বাধার সম্মুখীন না হন তা নিশ্চিতে এই কমিশন গঠনের প্রস্তাব এসেছে। সরকার এই কমিশন গঠনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।’

রাষ্ট্রব্যবস্থার সংস্কার সম্পর্কে প্রেস সচিব বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টাকে তারা বলেছিলেন অন্তর্বর্তী সরকার যেন যৌক্তিক সময় পর্যন্ত থাকেন। এই যৌক্তিক সময় আসলে কতটা সময়Ñ সে বিষয়ে ড. ইউনূস সম্পাদকদের কাছে জানতে চান। এই সময়টাতে কী কী মৌলিক কাজ সরকারের করা উচিতÑ এ বিষয়েও পরামর্শ চান তিনি।

তিনি বলেন, এ সময় কয়েকজন সম্পাদক পরামর্শ দেন যে, অন্তর্বর্তী সরকারের মেয়াদ দুই থেকে তিন বছর হতে পারে। তবে বেশিরভাগ সম্পাদক বলেছেন, অত্যাবশ্যকীয় সংস্কারের জন্য প্রয়োজনীয় সময়টুকুই নির্ধারণ করবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হওয়া উচিত।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা উল্লেখ করেন যে ছাত্র-জনতার বিপ্লব রাষ্ট্র মেরামতের একটি সুযোগ তৈরি করেছে এবং এটিকে কাজে লাগাতে হবে। অধ্যাপক ইউনূস সংস্কারগুলোকে টেকসই করতে জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর জোর দেন। 

মতবিনিময়কালে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, দ্য নিউএজ সম্পাদক নূরুল কবীর, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, ইনকিলাব সম্পাদক বাহাউদ্দিন চৌধুরী, সংবাদ সম্পাদক আলতামাস কবির, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মুস্তাফিজ শফি, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ, কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, দেশ রূপান্তর সম্পাদক মোস্তফা মামুন প্রমুখ আলোচনায় অংশ নেন। ২০ জন সম্পাদক এই মতবিনিময়ে যোগ দেন।

আরও বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগ করবে কুয়েত : কুয়েত বাংলাদেশ থেকে দক্ষ কর্মীসহ আরও মানবসম্পদ নেবে বলে জানিয়েছেন উপসাগরীয় দেশটির বিদায়ি রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি। 

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ি সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাপক মুহাম্মদ ইউনূস দূতের প্রশংসা করে বলেন, তিনি ‘বাংলাদেশের চমৎকার বন্ধু’ এবং আশা প্রকাশ করেন যে তিনি আগামী দিনেও এই ভূমিকা অব্যাহত রাখবেন।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ‘কুয়েতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক’ গড়ে তোলার আশা করছে।

বিদায়ি রাষ্ট্রদূত বলেন, তার দেশে তিন লাখেরও বেশি বাংলাদেশি কাজ করছে এবং তারা বাংলাদেশ থেকে আরও নিয়োগ দিতে আগ্রহী। 

তিনি বলেন, আমরা আরও ডাক্তার, নার্স এবং প্রকৌশলী নিয়োগ করতে চাই। তিনি জানান, কুয়েতে ৫ হাজারেরও বেশি বাংলাদেশি সেনা সদস্যও কাজ করছে।

বৈঠকে অর্থনৈতিক সম্পৃক্ততা, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইস্যু এবং জ্বালানি সহযোগিতার কথাও তুলে ধরা হয়।

প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক প্রতিক্রিয়ায় সহায়তার জন্য কুয়েতকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে জ্বালানি ও বিনিয়োগে বৃহত্তর সহযোগিতা কামনা করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা