× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময় আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪ ০৯:০৮ এএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ফটো

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ফটো

দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ে বসতে চলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহ পর আজ শনিবার বেলা ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই মতবিনিময় শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো তার দৈনন্দিন সূচিতে ওই দিন রাত ৮টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা মতবিনিময়ের কথা রয়েছে। 

গতকাল শুক্রবার উপদেষ্টা দপ্তরের এক কর্মকর্তা বলেন, “আমরা সব রাজনৈতিক দলকেই মতবিনিময়ে চাইছি। মতবিনিময়ে আগ্রহীরা সবাই আসবে। দলগুলোর সঙ্গে যোগাযোগ করলে বুঝতে পারবেন।’

এ বিষয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তবে এটি কেবল মতবিনিময়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ পরে হবে। 

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার চায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সব সময় আন্ডারস্ট্যান্ডিং (‍বোঝাপড়া) থাকুক। কারণ, আমাদের পরে তারাই তো নাগরিকদের নিয়ে দেশ চালাবে। তাই তারা (রাজনৈতিক দল) কী চায়, তারা কী সংস্কার চায়- তা আমরা জানতে চাই। এজন্য প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে মতবিনিময় করে তা জানবেন।’ 

এর আগে গতকাল বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলের বৈঠক হয়। বৈঠকে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টাকে সংলাপে বসার আহ্বান জানান বিএনপি নেতারা। 

সূত্র জানায়, বৈঠকে আগামী দু-তিন সপ্তাহের মধ্যে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন ইস্যুতে একটি রোডম্যাপ জনগণের সামনে পেশ করতে পারেন বলে বিএনপি প্রতিনিধিদলকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তীকালীন সরকার। আলোচনার পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া শুরু করবে সরকার। এর পর নির্বাচন সম্পন্ন করার রোডম্যাপ জনগণের সামনে পেশ করবেন প্রধান উপদেষ্টা।

তবে আজ কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা মতবিনিময় করবেন- তা তার দপ্তর থেকে জানানো হয়নি। 

এ বিষয়ে জানতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টা নাম প্রকাশ না করে প্রতিদিনের বাংলাদেশকে জানান, এ নিয়ে আমি কিছুই জানি না। তবে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকার কারণে তাদের অনেকেই এ নিয়ে আমাকে ফোন করছনÑ কাদের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা।

এ বিষয়ে সৈয়দা রিজওয়ানা হাসান জানান, আগে যেসব দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেনি, কালকের (শনিবার) মতবিনিময় সভায় সেসব দল আসতে পারে। 

 বর্তমানে দেশে ৪৫টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। এর বাইরে নিবন্ধনহীন জামায়াতে ইসলামীসহ অনেক দল ও মোর্চা রাজনীতির মাঠে সক্রিয় রয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বুঝে নেয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে এই সরকারকে স্বাগত জানানো হলেও গত ২৪ আগস্ট থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন প্রশ্নে ‘অতি দ্রুত’সংলাপের দাবি জানান। এরপর জাতির উদ্দেশে ভাষণে ড. ইউনূস তার সরকারের যে কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন, সেখানে নির্বাচন প্রশ্নে কোনো সুনির্দিষ্ট সময়সীমা ছিল না। তাতে ‘হতাশা’ প্রকাশ করে ফখরুল বলেছিলেন, তাদের প্রত্যাশা ছিল মুহাম্মাদ ইউনূস নির্বাচন নিয়ে একটি রোডম্যাপ ঘোষণা করবেন।অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে, সে প্রসঙ্গে সেদিন তিনি বলেন, ‘অল্প কিছু মানুষের সংস্কারে’তিনি বিশ্বাস করেন না। এর মধ্যে বৃহস্পতিবার যমুনায় আলোচনার জন্য প্রধান উপদেষ্টার ডাক পান বিএনপি নেতারা। সেখানে সোয়া এক ঘণ্টার বৈঠক শেষে বেরিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, তাদের মধ্যে অত্যন্ত ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। এই পরিস্থিতিতে এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নিল ইউনূস নেতৃত্বাধীন সরকার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা