ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪ ২২:১৬ পিএম
হাছান মাহমুদ।
রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন সড়কের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদের তিন শ্যালকের বিরুদ্ধে। পরে গাছগুলো জব্দ করেছে উপজেলা প্রশাসন।
স্থানীয় বাসিন্দা মো. হাসান জানান, গত মঙ্গলবার দুপুরে হাছান মাহমুদের শ্বশুর আব্দুল মান্নানের (মাস্টার বাড়ি) চট্টগ্রামের ফটিকছড়ির সুন্দরপুরের বাড়ি থেকে বেশকিছু সরকারি গাছ সরিয়ে নেওয়ার খবর পায় উপজেলা প্রশাসন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর নির্দেশে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ গাছগুলো জব্দ করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. মজিবুর রহমান জানান, গত ৫ আগস্ট সরকার পতনের আগে হাছান মাহমুদের শ্যালক জসিম উদ্দিন, মুহম্মদ আজিজ ও হেলাল উদ্দিন প্রভাব খাটিয়ে স্থানীয় মান্নান চেয়ারম্যান বাড়ি সড়ক থেকে ১০ লাখ (আনুমানিক) টাকা মূল্যের আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে বাড়ির নানা আসবাবপত্র তৈরি করেন। এসব গাছ থেকে কিছু ফার্নিচার স্থানীয় হারিমিয়া চৌধুরী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা রফিককে উপহার দেওয়া হয়। বাকি গাছ বিক্রির উদ্দেশ্যে রাখা হয় মন্ত্রীর শ্বশুর বাড়িতে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ায় স্তূপ করে রাখা গাছগুলো আর বিক্রি করা সম্ভব হয়নি।
সরকার পতনের পর থেকেই আত্মগোপনে আছেন হাছান মাহমুদের শ্যালকরা। অভিযোগের বিষয়ে ফোনে জসিম উদ্দিনকে পাওয়া যায়নি। তবে মুহম্মদ আজিজ ফোনে জানান, সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ মিথ্যা। আর ফোন বন্ধ পাওয়া যায় হেলাল উদ্দিনের।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ বলেন, এলজিইডির তালিকাভুক্ত একটি সড়কের গাছগুলো প্রভাব খাটিয়ে কাটা হয়। খবর পেয়ে গাছগুলো জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের জিম্মায় রেখেছি।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন- ‘গাছগুলো পরিমাপ করে নিলামে বিক্রি করা হবে এবং দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’