প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪ ১৮:১৫ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৪ ১৯:২০ পিএম
বেসরকারি খাতের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি বা এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক আদেশে আগের পর্ষদ বাতিল করে নতুন বোর্ড ঘোষণা করা হয়।
নতুন পর্ষদে তিনজন শেয়ারহোল্ডারসহ ৫ জন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। পরিচালক হয়েছেন, ব্যাংকটির শেয়ারহোল্ডার মো. নজরুল ইসলাম স্বপন, মো. নুরুল আমিন ও অঞ্জন কুমার সাহা। স্বতন্ত্র পরিচালক হয়েছেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এস এম রেজাউল করিম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট খন্দকার মামুন এফসিএ।
নতুন বোর্ড গঠনের মাধ্যমে বহুল আলোচিত ও সমালোচিত ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার এক্সিম ব্যাংকের নিয়ন্ত্রণ হারালেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে ব্যাংক খাত থেকে নামে-বেনামে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এতদিন নজরুল ইসলাম মজুমদার এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। তার স্বেচ্ছাচারিতা এবং অনিয়মের কারণে বর্তমানে শরিয়াভিত্তিক ব্যাংকটির অবস্থা নাজুক। আমানতকারীদের অর্থের নিশ্চয়তার লক্ষ্যে জনস্বার্থে ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।