বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪ ২২:০৮ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪ ২২:২৭ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মিরপুরে গুলিবিদ্ধ রাফি হোসেন ও মমিন হোসেন নামে দুই শিক্ষার্থীর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।
সোমবার (২৬ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাফি হোসেন গত ১৯ জুলাই ডান কাঁধে গুলিবদ্ধ হয়। তার ডান কাঁধের হাড় ও ধমনী ক্ষতিগ্রস্ত হয়। এ অবস্থায় জরুরি ভিত্তিতে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে তার অপারেশন করা হয়। পরে কিছু জটিলতা দেখা দিলে হৃদরোগ ইনস্টিটিউট ও ঢাকা সিএমএইচের চিকিৎসকরা আলোচনার ভিত্তিতে তাকে গত রবিবার রাতে সিএমএইচে আনা হয়। পরে দ্রুততার সঙ্গে দীর্ঘ ৬ ঘণ্টা ধরে সিএমএইচের ভাস্কুলার টিম সফলভাবে কৃত্রিম রক্তনালি সংযোজনের মাধ্যমে তার অস্ত্রোপচার করে। বর্তমানে রাফি হোসেন আশঙ্কামুক্ত।
একই দিনে গুলিবিদ্ধ হন মিরপুর কলেজের শিক্ষার্থী মমিন হোসেন। গুলিটি তার মেরুদণ্ডের পিছনে আটকে যায়। পরে গত ২০ আগস্ট তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। ল্যাপারস্কপির মাধ্যমে গত রবিবার অপারেশন করে গুলি বের করা হয়। বর্তমানে মমিন হোসেন ভালো আছে।