× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীকৃষ্ণের জন্মতিথি

আজ শুভ জন্মাষ্টমী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪ ১০:০২ এএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৪ ১০:৪৩ এএম

আজ শুভ জন্মাষ্টমী

আজ সোমবার (২৬ আগস্ট) শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি। সনাতন ধর্মানুসারে, অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এ পৃথিবীতে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ।

শান্তিহীন পৃথিবীতে শান্তি আনতেই শ্রীকৃষ্ণের আবির্ভাব। দ্বাপর যুগের শেষ দিকে এই মহাপুণ্য তিথিতে মথুরা নগরে অত্যাচারী রাজা কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। তার এই আবির্ভাব তিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করে থাকেন। এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ইসকনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন ব্যাপক কর্মসূচি নিয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ বেতার, টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান। 

এদিন রাজধানীসহ সারা দেশের বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা, তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও তারকব্রহ্ম নামযজ্ঞের আয়োজন করা হয়েছে। ভক্তরা উপবাস থেকে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা ও পূজা করবেন। শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছেÑ সকাল ৮টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ এবং দুপুর ২টায় ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও রাতে শ্রীকৃষ্ণ পূজা। তবে দেশের দুর্যোগপূর্ণ বন্যা পরিস্থিতি বিবেচনায় রেখে এবার জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা সীমিত করে সেই অর্থ বন্যার্তদের মধ্যে বিতরণের ঘোষণা দেওয়া হয়েছে। 

জন্মাষ্টমী মিছিলপূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। মিছিলের উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। 

এ ছাড়া আগামী ৩০ আগস্ট দুপুর ২টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সভাপতিত্ব করবেন মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এ উপলক্ষে ২৫ থেকে ২৭ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছেÑ শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় নাটক কীর্তন মেলা।

সনাতন ধর্মাবলম্বীরা জানান, ৩৩ কোটি দেব-দেবীর মধ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান বিষ্ণুর মানবরূপ শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। তাই এই বিশেষ দিনটি আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পালন করা হয়।

সনাতন ধর্মগ্রন্থ থেকে জানা যায়, আজ থেকে ৫ হাজার বছর পূর্বে দ্বাপর যুগে যখন রাজা কংসের অত্যাচারে চারদিকে অরাজকতা, নৃশংসতা, নিপীড়নে মানুষ জর্জরিত, সে সময় বাসুদেব ও দেবকীর ঘরে ভূমিষ্ঠ হন কৃষ্ণাবতার। এদিকে দেবকীর অষ্টম সন্তানের হাতে নিজের বিনাশের দৈববাণী কংস রাজাকে সর্বদাই আতঙ্কিত করে রাখত। তাই তিনি তার বোনের গর্ভে সদ্যভূমিষ্ঠ প্রতিটি সন্তানকেই নৃশংসভাবে হত্যা করতেন। তবে গর্ভ স্থানান্তরিত করায় রোহিনীর গর্ভে জন্ম নেয় দেবকীর সপ্তম সন্তান বলরাম। সবশেষে অধর্মের বিনাশ ঘটাতে জন্ম হয় কৃষ্ণের। তার প্রাণ বাঁচাতে ভগবান বিষ্ণুর নির্দেশানুসারে বাসুদেব কৃষ্ণপক্ষের সেই দুর্বার প্রলয়ের রাতে সদ্যভূমিষ্ঠ সন্তানকে মা যশোদার কাছে রেখে আসেন। পাশাপাশি মা যশোদার কন্যাকে নিয়ে আসেন। এদিকে কৃষ্ণের সন্ধান না পাওয়ায় রাজা কংস পুতনা রাক্ষসীকে সকল ছয় মাস বয়সি শিশুকে হত্যার আদেশ দেন। 

রাজা কংসের নির্দেশমতো রাক্ষসী পুতনা স্তন পান করানোর ছলে একের পর এক ছোট শিশুকে নির্মমভাবে হত্যা করতে থাকেন। অবশেষে যখন পুতনা কৃষ্ণের সন্ধান পান এবং তাকে স্তন পান করাতে যান, তখন ওই মাত্র ছয় মাস বয়সেই ছোট্ট কৃষ্ণ স্তনপানের মাধ্যমে পুতনার প্রাণনাশ ঘটান। এরপর একে একে কালীয়া নাগ, রাজা কংসসহ জগতের নানা দুষ্টকে নানা লীলার মাধ্যমে নিঃশেষ করে সৎধর্ম ও সৎকর্মের বার্তা দিয়ে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ। বস্তুত এ কারণেই সকল হিন্দু ধর্মাবলম্বী মানুষের মনে শ্রীকৃষ্ণ বিরাজমান। সে কারণেই আজ তার জন্মের পবিত্র দিনটিকে কেন্দ্র করে পালিত হয় জন্মাষ্টমী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা