× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাইয়ে খাদ্যপণ্যের দাম কমেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২২ ১০:৪৭ এএম

আপডেট : ০৬ আগস্ট ২০২২ ১১:৫৯ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

গত জুলাই মাসে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। ইউক্রেনে আটকে থাকা খাদ্যশস্য রপ্তানি শুরু হয়েছে। তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় গত মাসে এ নিয়ে চুক্তি করে রাশিয়া-ইউক্রেন। মূলত, তার প্রভাবেই অনেক খাবারের মূল্য হ্রাস পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর জেরে পরের মাস মার্চে বিশ্বে খাদ্যের দর রেকর্ড বৃদ্ধি পায়। পরে নানা দেশের সরকারের সময়োপযোগী পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমতে থাকে। সেই ধারাবাহিকতায় টানা চার মাস কমল খাবারের মূল্য।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এসব তথ্য জানিয়েছে। সংস্থাটির খাদ্যসূচকে সিরিয়াল, ভোজ্যতেল, দুগ্ধজাত পণ্য, মাংস ও চিনি-- এই পাঁচ ধরনের খাদ্যদ্রব্যের আন্তর্জাতিক দাম বাড়া-কমার মাসিক হিসাব দেওয়া হয়েছে। এতে দেখা গেছে, জুন মাসের তুলনায় জুলাইয়ে এসব খাবারের দাম কমেছে।

এফএও’র সূচক অনুযায়ী, গত জুলাইয়ে বিশ্বে খাদ্যদ্রব্যের গড় দামের সূচক ছিল ১৪০ দশমিক ৯ পয়েন্ট। জুনে তা ছিল ১৫৪ দশমিক ৩ পয়েন্ট। অর্থাৎ, জুনের তুলনায় জুলাইয়ে খাদ্যদ্রব্যের দাম ৮ দশমিক ৬ পয়েন্ট নিম্নমুখী হয়েছে। এরই মধ্যে কৃষ্ণসাগরের বন্দরগুলো দিয়ে খাদ্যশস্য রপ্তানি শুরু করেছে ইউক্রেন। এতে বিশ্ববাজারে গমের দামও ১৪ দশমিক ৫ শতাংশ কমেছে।

জুলাইয়ে বিশ্বে ভুট্টার গড় দামের সূচক কমেছে ১০ দশমিক ৭ শতাংশ। ইউক্রেন-রাশিয়ার চুক্তি ছাড়াও নেপথ্যে রয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিলে ভুট্টার উৎপাদন বৃদ্ধি। গত মাসে খাবারের মূল্য কমলেও গত বছরের তুলনায় তা এখনও ১৩ দশমিক ১ শতাংশ বেশি। এর পেছনে আছে ইউক্রেনীয়-রুশ যুদ্ধ, প্রতিকূল আবহাওয়া, অতিরিক্ত উৎপাদন খরচ ও পরিবহন ব্যয়।

এফএও’র প্রধান অর্থনীতিবিদ মাক্সিমো তোরেরো বলেন, ‘খুবই উচ্চপর্যায় থেকে খাদ্যপণ্যের দাম কমার বিষয়টিকে স্বাগত জানাই। তবে এখনও অনেক অনিশ্চয়তা রয়ে গেছে।’

বৈশ্বিক অর্থনীতিতে কৃচ্ছ্রসাধন, মুদ্রার অস্থিরতা এবং সারের উচ্চমূল্যে ভবিষ্যতে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হতে পারে। বিশ্বে খাদ্য নিরাপত্তার জন্য সেগুলো মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় এখনও তীব্র লড়াই চলছে। তার মধ্যেও কৃষ্ণসাগরের বন্দরগুলো থেকে ৫৮ হাজার ৪১ টন শস্যবাহী আরও তিন জাহাজ শুক্রবার গন্তব্যে রওনা হয়েছে।

এর আগে রাশিয়ার সঙ্গে চুক্তির অধীনে গত সোমবার ইউক্রেনের ওদেসা বন্দর ছেড়েছিল প্রথম শস্যবাহী জাহাজ।

প্রবা/ইউরি/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা