প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪ ২২:৫১ পিএম
মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই কমিটি গঠনের তথ্য জানান কবি মোহান রায়হান। ছবি: সংগৃহীত
রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তনের প্রভাব পড়েছে কবিদের সংগঠনেও। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে জন্ম নেওয়া জাতীয় কবিতা পরিষদের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্ববায়ক কমিটি ঘোষণা করেছেন কবিদের একটি অংশ। নতুন কমিটি আগামী ফেব্রুয়ারিতে ‘বৈষম্য মুক্তির জন্য কবিতা’ স্লোগানে জাতীয় কবিতা উৎসব আয়োজনেরও ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কমিটি গঠনের তথ্য জানান কবিতা পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা ও দুই বারের সাধারণ সম্পাদক কবি মোহান রায়হান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৪ আগস্ট কবি মোহন রায়হানকে আহ্বায়ক ও কবি রেজাউদ্দিন স্টালিনকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সদস্যদের ভাষ্য, এই সংগঠন তার সংগ্রামী চরিত্র বদল করে তৎকালীন ক্ষমতাসীনদের লেজুড়বৃত্তি শুরু করে। প্রতিষ্ঠাকালীন নেতা-কর্মীরা এর বিরোধিতা করলে কয়েকজন দলদাস আওয়ামীপন্থী কবি কবিতা পরিষদ দখল করে নেন। এতে কবিতা পরিষদ হয়ে ওঠে দলবাজদের অর্থ-বিত্ত-সম্পদ এবং বিভিন্ন জাতীয় পুরস্কার বাগিয়ে নেওয়ার হাতিয়ার। এসব অভিযোগ এনে এই সংগঠন আবার নতুন করে গুছিয়ে আনার ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনের প্রশ্ন-উত্তর পর্বে সংগঠনের নতুন কমিটির বৈধতা নিয়ে বাগ্বিতণ্ডা ও কথা-কাটাকাটির ঘটনা ঘটে। এ সময় উপস্থিত ছিলেন রেজাউদ্দিন স্টালিন, কবি মতিন বৈরাগী, কবি হাসান হাফিজ প্রমুখ।
জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ ও সাধারণ সম্পাদক কবি তারিক সুজাতের ২০২৩-২০২৫ কবিতা পরিষদের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে ৩৫তম জাতীয় কবিতা উৎসবের সমাপনী দিনে। অভ্যন্তরীন কোন্দলের কারণে মোহন রায়হান দীর্ঘ দিন এই সংগঠনে সক্রিয় ছিলেন না।