প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪ ১৮:০৭ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪ ১৯:১১ পিএম
মঙ্গলবার চাকরি স্থায়ীকরণের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন আনসার সদস্যরা। প্রবা ফটো
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করা আনসার সদস্যরা। সাক্ষাতে দাবি পূরণের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে আনসার সদস্যরা।
মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চাকরি স্থায়ীকরণের জন্য বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক পত্র হস্তান্তর করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ সাধারণ আনসারদের ৫ জন সমন্বয়ক। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি পূরণের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এবং সব সদস্যকে ধৈর্য ধরার আহ্বান জানান।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আনসার সদস্যদের চাকরি স্থায়ীকরণের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেন। একই সঙ্গে তাদের অন্যান্য দাবিগুলো পূরণের জন্য মহাপরিচালকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
এ ছাড়া দীর্ঘদিনের এই দাবি আলোর মুখ দেখার পাশাপাশি অঙ্গীভূত আনসারদের রেস্ট টাইম কমিয়ে আনা, রেস্টকালীন সময়ে রেশনসহ সম্ভাব্য সব কল্যাণমূলক সুবিধাদি দেওয়ার বিষয়ে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এ সময় সব আনসার সদস্যকে কর্তৃপক্ষকে সহযোগিতা এবং জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
সার্বিক স্থায়ীকরণের কার্যক্রমকে বেগবান করার জন্য সমন্বয়করা আনসার ও ভিডিপি সদর দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করে সার্বিক অগ্রগতির তথ্য হালনাগাদ করবেন বলেও জানানো হয়।
গত ১১ আগস্ট রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনে নামে সাধারণ আনসাররা। ওইদিন ঢাকায় হাইকোর্টের সামনে বিক্ষোভও করেন তারা।
আন্দোলনে থাকা একাধিক আনসার সদস্য জানান, সব ধরনের প্রশিক্ষণ নেওয়ার পর একজন আনসার সদস্যকে চাকরির জন্য অপেক্ষা করতে হয়। আনসার সদরদপ্তরে প্রত্যেক সাধারণ আনসারের নাম-ঠিকানাসহ ডাটাবেজ রয়েছে। কোথাও নিরাপত্তার জন্য আনসার সদস্য নেওয়ার প্রয়োজন হলে মোবাইলের মাধ্যমে তাদের কাছে বার্তা আসে। এরপর তারা অস্থায়ীভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা কেপিআই এলাকাগুলোতে দায়িত্ব পালনের সুযোগ পান। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা পেলেও সরকারিভাবে কোনো সুযোগ-সুবিধা পান না তারা। দীর্ঘ কয়েক বছর ধরে সাধারণ আনসার সদস্যরা চাকরি স্থায়ী করার দাবি করে আসছেন। কিন্তু সরকার সেই দাবি পূরণ করেনি। এবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা সেই দাবি তুলেছেন।