প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪ ০৯:০৭ এএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪ ১০:৫৭ এএম
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হবে কি না কিংবা এদিন সরকারি ছুটি থাকবে কি নাÑ এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।
মাঠপর্যায়ে কোনো নির্দেশনা দেওয়ার বিষয়ে আপনারা কিছু ভাবছেন কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই বিষয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি। এমন কিছু যদি থাকে, তাহলে নিশ্চয়ই সেটি জানতে পারব, কিন্তু কোনো নির্দেশনা পাইনি।’
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দুপুরে সচিবদের বৈঠক ইস্যুতে সিনিয়র সচিব বলেন, ‘তিনি (প্রধান উপদেষ্টা) তারুণ্যের শক্তির ওপর আলোকপাত করেছেন। সেখানে বলেছেন, তারুণ্যের শক্তির মাধ্যমে যে পরিবর্তন আসছে, এর মাধ্যমে একটা সুযোগ তৈরি হয়েছে। আমরা যেন এই সুযোগটাকে কাজে লাগাই। সব মন্ত্রণালয়, বিভাগ যেভাবে কাজ করছিল, তার চেয়েও ভালোভাবে কাজ করতে হবে। যেন আমরা প্রতিটা মন্ত্রণালয়, বিভাগের কাজগুলোকে বাস্তবায়ন করতে পারি। এই বিষয়ে তিনি সরাসরি নির্দেশনা দিয়েছেন।’ তিনি বলেন, ‘আমাদের সব মন্ত্রণালয়, বিভাগ প্রধান উপদেষ্টার সঙ্গেই আছে। সরাসরি আমরা কীভাবে নথি উপস্থাপন করব, কীভাবে নির্দেশনাগুলো গ্রহণ করব, মূলত এসব বিষয়ে আলোচনা হয়েছে।’
পদোন্নতি বঞ্চিত ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, ‘এই বিষয়গুলো আমরাই প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেছি। আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১৫-১৬ বছরে যেসব বিসিএসের ব্যাচের পদোন্নতি হয়েছে, যারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন, তাদের বিষয়গুলো আমরা সহানুভূতির সঙ্গে বিবেচনা করছি। ইতোমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা এ বিষয়গুলোকে সামনে এগিয়ে নিয়ে যাব দ্রুততম সময়ের মধ্যে। যারা পিএসসি থেকে বিসিএসের সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন ২৮ থেকে ৪২ ব্যাচের, তাদের বিষয়গুলো আমরা উপস্থাপন করেছি প্রধান উপদেষ্টার কাছে। আমরা আশা করছি কাল বা পরশুর মধ্যে এ বিষয়ে একটা প্রতিকার নিতে পারব।’