প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪ ১৪:২৮ পিএম
এম সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘ছাত্রদের দুষ্কৃতকারী বানিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী। তার বিচার করা হবে। মিডিয়ার মালিকদেরও বিচার করা হবে। যদিও কয়েকজনের চাকরি চলে গেছে কিন্তু ছাড় দেওয়া হবে না।’
রবিবার (১১ আগস্ট) আহত পুলিশ সদস্যদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের ওপর যে হামলা হয়েছে, তা খুবই বেদনাদায়ক। যদিও তারা যে কিছুই করেননি সেটাও বলব না। হাজারও তরুণ মারা গেছেন পুলিশ ও অন্যান্যের গুলিতে। সীমান্তে যে অস্ত্র ব্যবহার করা হয়, সেটা পুলিশকে দেওয়া হয়েছিল। এটি একদমই ঠিক হয়নি।’
এম সাখাওয়াত হোসেন বলেন, ‘পুলিশকে আর কেউ লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারবে না। আমি চেষ্টা করব, যারা হুকুমদাতা ছিলেন তাদের ধরতে। দেশে না পেলেও বিদেশ থেকে আনব।’
তিনি বলেন, ‘পুলিশের যেই কাজ, সেনাবাহিনীর কাজ তা নয়। তারপরও তারা দায়িত্ব পালন করছেন। নির্দেশ দেওয়ার পরও যেসব পুলিশ সদস্য কাজে যোগ দেবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সাখাওয়াত হোসেন বলেন, ‘ছাত্ররা যারা রাস্তায় কাজ করছে তাদের সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে। এটা সরকারি প্রজেক্ট হলে ৪০০ থেকে ৫০০ কোটি টাকার প্রয়োজন হতো।’
একজনের ইচ্ছা মতো কখনোই রাষ্ট্র পরিচালনা করা যায় না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ঠিকই কিন্তু সবার অংশগ্রহণেই দেশ স্বাধীন হয়েছে।’
আওয়ামী লীগ খুবই পুরাতন একটা দল উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করি, নতুন নেতৃত্ব আসবে। নিয়ম না মানলে কোনো দলকেই রাজনীতি করতে দেওয়া হবে না।’
এ ছাড়া আবু সাঈদের হত্যার ঘটনায় রংপুরের পুলিশ কমিশনারকে সাসপেন্ডের কথা আইজিপিকে বলেছেন বলেও জানান তিনি।